মায়ের কাছ থেকে পালিয়ে হৃদিতা ছাদে এসে লুকালো। আশাপাশে কেউ নেই তবুও লজ্জা লাগছিলো তার। বিয়ে ঠিক হবার পর থেকে পরিবারের সবার মুখে এই একই প্রশ্ন। কিভাবে সে প্রশ্নের জবাব দিবে, যে প্রশ্নের সঠিক উত্তর তার নিজেরই জানা নেই ঠিকমতো। পরিবারের সবার সামনে ইমন যখন বলেছিলো যে, সে হৃদিতাকে বিয়ে করতে চায় অন্য আর সবার মতো হৃদিতাও ভীষণ অবাক হয়েছিলো। বিশাল বড় যৌথ ও ভীষণ রকমের রক্ষণশীল পরিবার তাদের। কাজিনরা সবাই একসাথে ভাইবোনের মতো বড় হলেও প্রয়োজনের অতিরিক্ত মেলামেশার সুযোগ কখনোই ছিল না। আর ইমন তো পরিবারের সবচেয়ে বড় ছেলে। হেড অব দ্যা ফ্যামেলি। ব্যিস্ততার কারণে রুটিন মাফিক ছোট ভাইবোনদের খোঁজ খবর নেয়া ছাড়া কারো সাথে কথা বলার সময়ও উনার নেই। কিভাবে যে কি হয়ে গেলো হৃদিতা নিজেই বুঝে উঠতে পারছে না। কিন্তু পরিবারের কেউ এই কথা মানতে রাজী না। বিশেষ করে সমবয়সী ভাইবোনগুলো তো পাগল বানিয়ে ছাড়বে তাকে। এখন আবার মাও শুরু করেছে দুষ্টুমি। কাঁধে হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে বোনকে দেখে হৃদিতা বলল, প্লীজ আবার একই প্রশ্নের ঝাঁপি খুলে বোস না এখন।
-(হেসে) আমি প্রশ্নের ঝাঁপি খুলতে আসিনি মাই ডিয়ার সুইট সিস্টার। মা আমাকে পাঠিয়েছেন তোমাকে নীচে নিয়ে যেতে।
-একটু পরে যাবো। ভালো লাগছে খুব এখানে। তুমি মুখ টিপে হাসছো কেন?
-(হাসতে হাসতে) হৃদি তুমি সত্যি জানো না ইমন ভাইয়া তোমাকে কেন বিয়ে করতে চেয়েছেন?
-আশ্চর্য আমি মিথ্যা বলবো কেন?
-তাহলে ভাইয়া বিয়ের কথা বলার পর তুমি সামান্যতম আপত্তিও করলে না কেন? আমাদের সকল প্রশ্ন আর সন্দেহের সূত্রপাত এইখানে। তাছাড়া বড় খালামনি যখন ইমন ভাইয়ার জন্য পাত্রী প্রায় পছন্দ করে ফেলেছিলেন, মনেআছে কত আপসেট ছিলে তুমি তখন।
-(হেসে) সব মুখস্ত করে এসেছো একদম। ক্লাসের পড়াগুলো এভাবে মুখস্ত করলেই তো আর পরীক্ষায় ডাব্বা পেতে না।
-কথা ঘোরানোর চেষ্টা করে লাভ নেই। ঘটনা না জেনে আজ আমি তোমাকে ছাড়ছি না।
-আমি তোমাকে কি বলবো অন্তি, সত্যিই নিজেই বুঝতে পারছি না কিভাবে কি হয়েছে। অস্বীকার করবো না যে বড় খালামনি যখন উনার জন্য মেয়ে পছন্দ করে ফেলেছিলেন আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। কিন্তু কেন কষ্ট হচ্ছিলো, কেন আমি তোমাদের সবার মতো আনন্দিত হতে পারছিলাম না, শত চেষ্টা করেও বুঝতে পারছিলাম না বলেই আপসেট হয়ে পড়েছিলাম।
-(হেসে) তুমি বুঝতে না পারলেও ভাইয়া নিশ্চয়ই পেরেছিলেন।
-সেটাও আমি জানি না। উনাকে যে কিছু জিজ্ঞেস করবো সেই সাহসও আমার নেই।
-ভাইয়া তোমাকে বিয়ে করতে চেয়েছেন, না বলার সাহস নেই সেজন্য আবার হ্যা বলোনি তো তুমি?
-না তা হবে কেন? এমন তো বলিনি আমি।
-আচ্ছা তারমানে তো এই যে তোমারও ভাইয়াকে পছন্দ ছিলো?
-(হেসে) বুঝেছি প্ল্যান-প্রোগ্রাম করে কথাবার্তা সাজিয়ে এসেছো একদম।
-তুমিই তো বাধ্য করছো আমাদেরকে এত সব করতে। আমরা তো শুধু বোন না, একে অন্যের সবচেয়ে প্রিয় বন্ধুও। তাহলে এত লজ্জা পাচ্ছো কেন বলতো?
-(কিছুক্ষণ নীরবতার পর) তোমার মনেআছে অন্তি বাবা আমাদের সব ভাইবোনদেরকে একবার বলেছিলেন যার যার স্বপ্নের জীবনসাথী সম্পর্কে লিখতে?
-(হেসে) হ্যা মনেআছে। স্বপ্নের জীবনসাথীর কথা লিখে বাবা জমা দিতে বলেছিলেন আমাদের সবাইকে। যাতে যখন আমাদের জীবনসাথী নির্বাচনের সময় আসবে বাবাকে কনফিউজড হতে না হয়। বাবার এই ব্যাপারগুলো সত্যিই খুব মজার।
-আমি লিখেছিলাম, আমার জীবনসাথীকে অবশ্যই একজন আদর্শ মুসলিম হতে হবে। সত্যিকার একজন মানুস, যাকে চোখ বন্ধ করে আশরাফুল মাখলুকাত বলা যায়। যে একজন আদর্শ সন্তান, যেমন সন্তানের স্বপ্ন বাবা-মারা দেখেন। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধবের প্রতি যে পুর্ন দায়িত্বশীল। যে সম্পর্কের হক আদায়ে সদা সচেষ্ট থাকেন। যার মধ্যে থাকবে মৌলিক মানবীয় গুণাবলীর চমৎকার সমন্বয়। অর্থাৎ, বিচক্ষণতা, স্থিরতা, ভারসাম্যপুর্ন মেজাজ, পরিশ্রম প্রিয়তা, প্রশস্ত চিত্ততা, ধৈর্যশক্তি, চিন্তার বিশুদ্ধতা, উদারতা, দানশীলতা, দয়া-মায়া-ভালোবাসা ও ক্ষমা করার মানসিকতা এবং উন্নত নৈতিকতা। যার মধ্যে থাকবে নীতিতে অটল থাকার দৃঢ়তা। কোন কিছুর জন্য বা কারো জন্যই যে নীতির সাথে কখনোই কোন কম্প্রোমাইজ করবে না। মোটকথা মানুষ হিসেবে যে নীতিবান ও হৃদয়বান। একজন মানুষ ক্ষতি করলেও যে প্রতিশোধের চিন্তা করে না, যে কারো পেছনে কথা বলা পছন্দ করে না, মনের মধ্যে কথা চেপে ধরে মনকে বিষাক্ত করে না, যে অকাতরে মানুষকে ভালোবাসতে পারে, বাস্তবধর্মী চিন্তা করতে পারে। আমার লেখা পড়ে বাবা মজা করে হাসতে হাসতে বলেছিলেন, হৃদি মা এতো না লিখে তুই শুধু এই কথা লিখলেই পারতি যে, আমার ইমন ভাইয়ার মতো ছেলে পছন্দ।
-আচ্ছা আসল প্যাঁচ তাহলে বাবা লাগিয়েছেন।
-(হেসে) বাবার কথা শোনার পর আমি ভেবে দেখলাম যে সত্যিই আমার মন যা চায়, যেমন চায় উনি হুবহু সেইরকম। কিন্তু আমি কখনোই আমার মনের এই ভাবনাকে প্রশ্রয় দেইনি। যে শিক্ষা ছোটবেলা থেকে আমাদেরকে দেয়া হয়েছে আমি তার ব্যতিক্রম কিছু করার কথা চিন্তাও করতে পারি না। বাবা-মা বা পরিবারের কারো মনে কষ্ট তৈরি হতে পারে এমন কোন কাজ আমি কখনোই করতে চাইনি।
-হুম...এমন কোন কাজ তুমি চাইলেও করতে পারবে না। কারণ বাবা-মামনির লক্ষ্মীসোনা মেয়ে বলে কথা। এবার বুঝতে পেরেছি তোমার এতো লাজুকতার কারণ। ইমন ভাইয়ার সাথে কখনোই কথা হয়নি তোমার এই বিষয়ে?
-কখনোই না। সেজন্যই তো কিছুই বুঝতে পারছি না।
-হয়েছে এখন আর এসব ভাবতে হবে না। যাকে তোমার পছন্দ তাকেই তুমি জীবনসাথী হিসেবে পাচ্ছো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ভাইয়া কেন তোমাকে বিয়ে করতে চেয়েছেন সে কথা ভাইয়াকে জিজ্ঞেস করবে এমন সাহস তো আমাদের কারোই নেই। বিয়ের পর তুমিই জিজ্ঞেস করে জেনে নিও, তারপর আমাদেরকে জানিয়ো। ভীষণ কষ্ট হবে কিন্তু আমরা একসপ্তাহ ধৈর্য ধরে থাকবো। এছাড়া যেহেতু উপায়ও নাই কোন। এখন নিচে চলো মা নয়তো আবার টেনশন করবেন।
চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন