বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

অন্যরকম বিয়ে......৩ : টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


ফজরের নামাজের পর ছেলের সাথে বাগানে বসে চা পান করা মিসেস জামানের প্রতিদিনের অভ্যাস। চা-নাস্তা করতে করতে মা-ছেলে মিলে গুটুর গুটুর গল্প করেন। পরিবারের কোথায় কি হচ্ছে ছেলেকে না বলে যেমন মিসেস জামান শান্তি পান না, ছেলেও তেমন সারাদিন কোথায় কি ঘটেছে বলার অভ্যাস মাকে। শান্তি মতো গল্প করার জন্য মা-ছেলে তাই ফজরের পরের এই সময়টাকে বেছে নিয়েছেন। আজও চা-নাস্তা নিয়ে বাগানে বসলেন দুজন। মাকে চুপচাপ দেখে ইমন বলল, তুমি কি কোন কারণে চিন্তিত মা? 

-আমি তোর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবছি। গত পাঁচ বছর ধরে পুরো পরিবার তোর পিছনে লেগে আছে বিয়ের জন্য। তোর একই জিকির এখন না এখন না। হঠাৎ এমন কি হলো যে দুই সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে বললি।

-(হেসে) মা বিয়ে নারী-পুরুষের জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ন একটি অধ্যায়। যে অধ্যায়ে বৃহত্তর জীবনের সূচনা হয়। এবং সেই সাথে বিয়ে বিশাল বড় একটা দায়িত্ব। এখন আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সময় ব্যয় করতে পারি, কিন্তু বিয়ের পর স্ত্রীকে সময় দেয়া আমার অত্যাবশ্যকীয় দায়িত্বের মধ্যে পড়বে। সে সময় এতদিন আমার ছিল না। এখন কাজের চাপ একটু কমেছে তাই আমি বলেছি বিয়ের ব্যবস্থা করতে।

-কিন্তু হৃদিকে বিয়ে করতে চাইবার পেছনে কারণ কি? তোর উপরে কেউ কোন কথা বলে না তাই তুই যখন বলেছিস কেউ আর আপত্তি করেনি কিন্তু পরিবারের সবাই খুব অবাক হয়েছে তোর এই সিদ্ধান্তে। সত্যি বলতে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না তোর এমন সিদ্ধান্তের কারণ।

-(হেসে) আমি হৃদিকে বিয়ে করতে চেয়েছি কারণ তোমার ওকে পছন্দ। 

-(অবাক কণ্ঠে) তোকে কে বলেছে একথা?

-মা আমার সাথে পরিবার বিষয়ে যত কথা বলো তার সেভেনটি ফাইভ পারসেন্ট কথা তুমি হৃদিকে নিয়ে বলো। হৃদি এটা হৃদি ওটা, হৃদিকে ছাড়া বাড়ির কোন কাজ ঠিকমতো হয় না, ভাইবোনদের সব সমস্যা হৃদি একাই সমাধান করে, ইত্যাদি ইত্যাদি। 

-করে বলেই তো বলি। আমি তো আর বানিয়ে বানিয়ে কিছু বলিনা তোকে। 

-(হেসে) মা বিয়ের কথা ভাবতে শুরু করার পর থেকে আমি এমন মেয়েকেই সাথী হিসেবে পেতে চেয়েছি যে আমাদের পরিবারের সবার মনের মতো হতে পারবে। সবাইকে আপন করে নিতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপুর্ন আমার মার যাকে অবশ্যই পছন্দ হতে হবে। আর হৃদি ছাড়া আর কোন মেয়ের ব্যাপারে আমি তোমার কণ্ঠে মুগ্ধতার ছোঁয়া অনুভব করিনি কখনোই। 

-(হেসে) আমার সত্যিই হৃদিকে ভীষণ পছন্দ। কিন্তু তোদের বয়সের পার্থক্য এতো বেশি যে মনের ইচ্ছেটাকে মনেই চেপে রেখেছিলাম। কারণ আমার ধারণা ছিল পরিবারের আর সবাই রাজী হলেও তুই কখনোই রাজী হবি না। শুনলেই বিরক্ত কণ্ঠে বলবি, মা তুমি পাগল হয়ে গেছো। দুনিয়াতে কি মেয়ের অভাব নাকি যে আমি ঐ বাচ্চা মেয়েকে বিয়ে করবো। যাইহোক তুই রাজী হয়েছিস এরচেয়ে বড় আনন্দের আমার কাছে আর কিছুই না। 

-আলহামদুলিল্লাহ্‌! আমি তোমাকে এই আনন্দটুকুই দিতে চেয়েছি মা। 

-শুধু আমার আনন্দের জন্য বিয়ে করছিস তুই? অন্যকোন কারণ নেই? 

-(হেসে) অবশ্যই আছে। মা আমি চাইলেই যে কাউকে আমার জীবনের সাথে জড়াতে পারিনা। কারণ আমার জীবনের সাথে অনেক কিছু রিলেটেড। আমার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, সংগ্রামী জীবন। শুধু সৌন্দর্য দেখে বা গুণের কথা শুনেই আমি কাউকে বিয়ে করতে পারিনা। আমার যাচাই করে দেখার প্রয়োজন ছিল হৃদি সত্যিই আমার জীবনসাথী হবার যোগ্যতা রাখে কিনা। 

-তুই হৃদিকে যাচাই করে দেখেছিস? কবে? কিভাবে? আমি তো কখনো তোদেরকে একসাথে কথা বলতে দেখিনি।

-(হেসে) ভালো কথা মনে করেছো, হৃদির সাথে কথা বলতে চাই আমি। সবকিছু মিলিয়ে ও নিশ্চয়ই খুব আপসেট। মা তুমি কি ব্যবস্থা করতে পারবে? 

-ফোন করে আসতে বলবো হৃদিকে? নয়তো তুই চলে যা তোর খালামনির বাসায়। 

-না আমি বাইরে কোথাও কথা বলতে চাচ্ছি। আজ আমি ফ্রী আছি চলো সবাই মিলে শখীপুর চলে যাই ছোট খালামনির বাড়িতে। সবাই মিলে বেড়ানোও হয়ে যাবে আর এক ফাঁকে আমি হৃদির সাথে কথা বলে নেবো।

-ঠিকআছে আমি জানিয়ে দেবো সবাইকে। কিন্তু তুই হৃদিকে যাচাই করলি কিভাবে?

-(হেসে) তুমি সারাক্ষণ যেসব প্রশংসার বাণী বলতে সেগুলোকেই আমি মিলিয়ে দেখছি। মানে হৃদি সত্যিই পরিবারের সবার প্রতি এতোটা দায়িত্বশীল কিনা। এবং সবসময়ই দেখেছি তোমার কথাকে সঠিক হতে। যাচাই বলতে এটাকেই বুঝিয়েছি।

-সেটাই বল আমি তো আরো ভাবছিলাম তোদের বুঝি কথাবার্তা হতো। তবে তোকে আমি ভরসা দিচ্ছি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে তোর মনের সব স্বপ্নই পূরণ হবে ইনশাআল্লাহ।

-(হেসে) তুমি যখন বলছো অবশ্যই পূরণ হবে। কারণ মার দোয়া যখন আকাশে যায়, আকাশ থেকে তখন রাহমাতের বারিধারা ঝরে সন্তানদের উপর। 

-তুই যখন আমাকে বলতি মা আমি ফুলের মতো কোমল মনের কোন মেয়েকে জীবনসাথী হিসেবে চাই। যার মন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে জানবে। যার হাসিতে থাকবে প্রশান্তি, অনাবিল প্রফুল্লতা। যে আমার হাত ধরে নিয়ে যাবে সুখের জগতে। জীবনের কঠিন বাস্তবতার মাঝে যে হবে আমার একটি অবলম্বন, একটি ভরসা। যে মেয়ে জানবে এই পৃথিবীতে কোন কিছু নিজ থেকে আসে না তাকে জয় করতে হয়। যার দিকে তাকালে আমার মনেহবে যে সে আমাকে সারাজীবন সুখী রাখতে পারবে। যার ভালোবাসার পবিত্র সুবাস ছড়িয়ে পড়বে আমার জীবনের সর্বত্র। যে আমাকে করে তুলবে আরো মজবুত আর শক্তিশালী। জানিস আমার চোখের সামনে তখন হৃদির চেহারাই ভাসতো। 

-(হেসে) আলহামদুলিল্লাহ্‌! আল্লাহ যেন তোমার ধারণাকে সত্যিতে রূপান্তরিত করেন, এটা আমার প্রার্থনা মা। এখন যাও ফ্যামেলিকে জানাও যে আজ আমরা সবাই ঘুরতে যাবো। ছোট খালামনিকে আমি ফোন দিচ্ছি।

চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন