বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

অন্যরকম বিয়ে.........৪ : টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


পরিবারের সবার ইচ্ছেতে হৃদিতা ইমনের সাথে গাড়িতে উঠে বসলেও অর্ধেক পথ চলার পরও সালাম বিনিময় ছাড়া দুজনের মধ্যে আর কোন কথাই হয়নি। মাথায় ঢুকছে না কিছুই কিন্তু বইয়ের মধ্যে মুখ গুঁজে বসে আছে হৃদিতা। কয়েকবার কথা শুরু করতে গিয়েও পারেনি ইমন হৃদিতার অপ্রস্তুত অবস্থা দেখে। আরো কিছুটা সময় পার হোক আরেকটু রিলাক্স হয়ে নিক হৃদিতা ভেবে সেও চুপ থেকেছে। কিন্তু অর্ধেক পথ চলার পরও কোন পরিবর্তন না দেখে ইমন বুঝলো এই মেয়ে সারা পথই এমন শক্ত হয়ে বসে থাকবে। সুতরাং কথা বলা তাকেই শুরু করতে হবে। কিন্তু কি বলবে নিজেও ঠিক বুঝতে পারছিলো না। আরো কিছুক্ষণ সময় নিয়ে ইমন বলল, মা বলছিলেন তুমি নাকি মনিষীদের বলে যাওয়া বাণী পড়তে খুব পছন্দ করো? 

-জ্বী। 

-কেন? 

-ভালো লাগে। 

-কেন ভালো লাগে সেটাই তো জানতে চাইছি। 

-যুগে যুগে যেসব জ্ঞানী গুণীরা পৃথিবীতে এসেছেন তাদের বলে যাওয়া মূল্যবান কথাগুলোকেই মূলত আমরা বাণী বলি। জ্ঞানী গুনীদের বলে যাওয়া এসব কথা আমাদেরকে নতুন করে ভাবতে, স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করতে পারে।

-তোমাকে নতুন করে ভাবতে বা স্বপ্ন দেখতে উৎসাহ যুগিয়েছে এমন একটা বা দুটা বাণী বলো।

-আমার যখন বারো বছর বয়স তখন সুইফটের একটা বাণী পড়েছিলাম-“ আমি চলে গেলে কেউ যদি না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।” এই কথাটা ইসলামকে বোঝার আগ পর্যন্ত আমাকে ভালো হবার, ভালো থাকার, ভালো কিছু করার উৎসাহ যুগিয়েছে। ছোট ছিলাম রিয়া বা লোক দেখানো ব্যাপারটা তো বুঝতাম না। এটার ভয়াবহতা সম্পর্কেও কোন ধারণা ছিল না। তাই সারাক্ষণ চেষ্টা করতাম কিভাবে চললে সবার চোখে সবচেয়ে ভালো হওয়া যায়। ইসলামকে বোঝার পর মানুষের মূল্যায়নকে তুচ্ছ জ্ঞান করলেও ভালো থাকার, ভালো করার ইচ্ছা ততোদিনে আমার মধ্যে দৃঢ়ভাবে বসে গিয়েছিলো। ভালো মুসলিম হতে যা আমাকে এখনো সহায়তা করছে বলে আমি মনেকরি। 

-মাশাআল্লাহ! তোমার কথা শুনে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আরো শুনতে চাই তোমার জীবনে বাণীর প্রভাব। 

-সাইরাসের একটা বাণী পড়েছিলাম-“ অন্যের দুর্ভাগ্য দেখে নিজে সাবধান হওয়া উচিত।” আমি বানীটা মেনে চলতে চেষ্টা করতাম। যখনই দুষ্টুমি করে অন্তি, লিজা, রোদেলা বা অন্য কাউকে শাস্তি পেতে দেখতাম সাথে সাথে ঐ ব্যাপারে সাবধান হয়ে যেতাম। পরিবারে যখনই কাউকে কোন সমস্যায় পড়তে দেখতাম ব্যাপারটা নিয়ে খুব ভাবতাম। যা আমাকে সাবধানী হবার শিক্ষা দিয়েছে। আর এখন যখন আমি কোন বাণী পড়ি বা শুনি সাথে সাথে সেটাকে ইসলামে কনভার্ট করে চিন্তা করি শরীয়তের ভিত্তিতে। অনেক সময় উপলব্ধি করতে পারি নতুন একটা দিক যা হয়তো কুরআনের একটা বিষয়কে নতুনভাবে অনুধাবন করায় আমাকে। 

-আলহামদুলিল্লাহ্‌! এমন সম্ভব হয় কারণ আল্লাহ তোমার মধ্যে চিন্তা এবং উপলব্ধির অসাধারণ ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা কম বেশি সব মানুষের মধ্যেই থাকে কিন্তু সবাই এটাকে কাজে লাগাতে পারে না। তুমি পারো দেখে ভীষণ ভালো লাগছে। ইনশাআল্লাহ! ইসলামের সৌন্দর্যকে তুমি আরো ভালভাবে উপলব্ধি করতে পারবে এই চিন্তাশীলতার কারণে। আমার অবশ্য বাণীর প্রতি তেমন আগ্রহ নেই। তবে চানক্যর বলে যাওয়া একটা বাণী আমাকে খুব নাড়া দেয়। কোন বানীটা জানতে চাও? 

-জ্বী। 

-“চন্দন তরুকে ছেদন করলেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে ইক্ষু নিষ্পিষ্ট হলেও মধুরতা ত্যাগ করে না, যে সদ্বংশজাত অবস্থা বিপর্যয়েও সে চরিত্রগুণ ত্যাগ করে না।” এই বানীটা পড়ার পর আমার মনে হয়েছিলো যে, একজন মুসলিমকেও ঠিক এমন হতে হবে। অর্থাৎ, কোন অবস্থাই তাকে শরীয়তের সীমা লঙ্ঘন করতে উদ্বুদ্ধ করতে পারবে না। আমি সারাজীবন চেষ্টা করেছি এমন একজন মুসলিম হতে। যখনই কোন প্রলোভন হাতখানি দিয়েছে আমি নিজেকে বলেছি তুমি একজন মুসলিম। আর একজন মুসলিমকে কোন অবস্থাই শরীয়তের সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ করতে পারেনা। 

-আমি যতটুকু জানি তুমি অবশ্যই তেমন একজন মুসলিম যারা অবস্থা বিপর্যয়েও চরিত্রগুণ ত্যাগ করে না। 

-(হেসে) আলহামদুলিল্লাহ্‌! কিছুক্ষণ নীরবতার পর, আমি জানি হৃদি তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে আমাদের বিয়েকে কেন্দ্র করে। তুমি হয়তো জানো আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপুর্ণ হচ্ছে আমার পরিবার। তুমি যেহেতু আমার পরিবারেই একজন তাই পরিবার কেন আমার কাছে এতটা বেশি গুরুত্বপুর্ণ তা বুঝিয়ে বলার প্রয়োজন নেই। আমি আসলে সবসময় এমন কাউকে বিয়ে করতে চেয়েছি যে আমার পরিবারকে আমার মতো করে ভালোবাসবে, পরিবারের জন্য যে কোন ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকবে, যে আমার ব্যস্ততাকে বুঝবে, ইত্যাদি ইত্যাদি আরো যেসব চাহিদা ছিল আমার তেমন কাউকেই আমি খুঁজে পাইনি। আমার কাছে তাই একটাই চয়েজ ছিল। পরিবারের ভেতর থেকেই কাউকে বিয়ে করা। 

-জ্বী আমি বুঝতে পেরেছি। 

-কষ্ট পাওনি তো আমার কথাতে?

-জ্বী না অকারণে কষ্ট তৈরি করার স্বভাব আমার নেই। আমি সবাইকে বুঝতে চেষ্টা করি, বুঝতে না পারলে চেষ্টা জারি রাখি কিন্তু কখনোই ভুল বুঝিনা। 

আড়চোখে হৃদিতার থমথমে চেহারাটা দেখে ঠোঁটে ঠোঁট চেপে হাসি চাপলো ইমন। তার জানা মতে কোন রূপবতী মেয়েই তার রূপকে ইগনোর করা হচ্ছে এটা সহজভাবে মেনে নিতে পারে না। আর তার পাশে যে কন্যাটি বসে আছে সে শুধু রূপবতীই না সাথে সাথে বিরাট গুণবতীও। সুতরাং আহত যে সে হয়েছে ইমনের কথাতে এতে কোন সন্দেহ নেই। আপাতত হৃদিতাকে আর ক্ষেপানোর রিক্স না নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছোটাল সে। 

চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন