ছোট খালুজানের এই ঔষধি গাছের বাগানটা হৃদির ভীষণ অপছন্দ। কেমন একটা ঘ্রাণ যেন পুরো বাগানটা জুড়ে, মাথা ঝিমঝিম করে তার। তাই না পারতে সে কখনো এই বাগানে আসে না। কিন্তু সে জানে যে এই জায়গাটা ইমনের খুব পছন্দ। গাছপালার প্রতি বিশেষ দুর্বলতা আছে ইমনের। তাই খালামনি যখন এখানে আসার কথা বললো চুপচাপ চলে এসেছে সে। মাকে দেখেছে বাবার পছন্দের জন্য নিজের অপছন্দগুলোতে কত হাসিমুখে মেনে নিতে। মা বলেন যে এইটুকু ত্যাগ তো সম্পর্কের বন্ধন দাবী করে। না এসব আহামরি ধরণের কোন ত্যাগ, না এসব করার জন্য অনেক কিছু করার দরকার হয়। শুধু প্রিয় মানুষটিকে এতে খুশি হবে এই ভাবনাটা মনে থাকলেই হয়। সালাম বিনিময়ের পর ট্রের দিকে তাকিয়ে ইমন বলল, চা এক কাপ কেন?
-আমার চা পছন্দ না। খালুজান কি বিশাল বিশাল গাছ লাগিয়েছেন বাগানে তাই না?
-গাছ নিশ্চয়ই ছোট ছোটই লাগিয়েছিলেন, সময়ের সাথে সাথে বড় হয়ে গিয়েছে। ছোট থাকার বা ছোট হবার নিয়ম যেহেতু নেই প্রকৃতিতে। হৃদি তাকিয়ে বোঝার চেষ্টা করলো ইমন ফান করছে না সিরিয়ালি বলছে কথা। হৃদিকে তাকাতে দেখে ইমন হেসে বলল, তোমার জায়গাটা পছন্দ না বুঝতে পারছি। ঠিক আছে চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। পুকুর পাড়ে যাবে?
-পুকুর পাড়ে বসে সবাই মাছ ধরছে। সমস্যা নেই এখানেই বসি।
-তুমি নাকি কখনোই মাছ ধরতে চাও না?
-না আমার ভীষণ কষ্ট লাগে এভাবে তাজা একটা মাছকে মেরে সেটাকে খেতে।
-এখানে কষ্ট লাগার কিছু নেই হৃদি। প্রকৃতির নিয়ম হচ্ছে এখানে কেউ খাদ্য আর কেউ খাদক। সারভাইভাল ফর দ্যা ফিটেস্ট-ই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আর এই নিয়ম মানতে আমরা সবাই বাধ্য। কোন দয়া-মায়া বা নিষ্ঠুরতার ব্যাপার নেই এখানে। যাইহোক থাক এসব কথা। এখানে আসার পথে আমার বলা কথাগুলো তোমাকে কষ্ট দিয়েছে আমি বুঝতে পারছি। আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না।
-আমি তো বলেছি আমি কষ্ট পাইনি। প্লীজ আমরা এই ব্যাপারটা নিয়ে কথা না বলি। বিয়েতে যেহেতু আমাদের কারোই আপত্তি নেই, তাই এই বিষয়ে কথা বলার তেমন কোন প্রয়োজনও তো আসলে নেই।
-ঠিকআছে চলো আমরা অন্যকোন বিষয়ে কথা বলি। ঐ গাছটির নাম কি বলতে পারবে?
-না আমি গাছ চিনি না। তবে খালুজান বলছিলেন তুমি অনেক রকমের গাছের গুণাগুণ জানো। কত রকমের?
-হেসে, তা তো বলবো না।
-কেন?
-কারণ আমি তোমাকে আমার যোগ্যতা দেখিয়ে মুগ্ধ করতে চাই না। আমার যোগ্যতা দেখবে বাইরের মানুষ আর আপনজনরা দেখবে শুধু আমার ভালোবাসা।
-কথাটা ঠিক না। আমরা তোমার রাগও দেখি সারাক্ষণ।
-হেসে, ভালোবাসি বলেই তো রাগ করি। ভাইবোনদেরকে ভালো না বাসলে তো ছেড়ে দিতাম যার যার পথে। হৃদি আমি নিজেকে গড়তে অনেক কষ্ট করেছি। আল্লাহর সাহায্য, বাবা-মার দেয়া শিক্ষা আর নিজের ইচ্ছে ও চেষ্টার জোরে নিজেকে উত্তম মানুষ হিসেবে গড়ার সংগ্রাম আমার মধ্যে সর্বক্ষন বিদ্যমান। নিজের করনীয় নিয়ে আমার মধ্যে কোন হেজিটেশন নেই, বর্জনীয় নিয়ে কনফিউশন নেই। আমি আমার বিবেকের চোখে চোখ রেখে চলতে পারি। আমি আমার প্রতিটা ভাইবোনকেও এমন বানাতে চাই। যাতে তারা নিজের কাছে স্বচ্ছ থাকতে পারে। সেজন্য হয়তো সবার সাথে আমি প্রয়োজনের চাইতে একটু বেশি কঠোর। কিন্তু এই কঠোরতা আমার স্বভাব নয় বরং সময়ের দাবী।
-আই এম সরি।
-হেসে, তোমাকে দুঃখিত হতে হবে না। আমি এখন যে কথাগুলো বললাম এগুলো যদি জানা থাকতো তাহলে নিশ্চয়ই তুমি এমন বলতে না।
-আমি জানি তুমি পরিবারের সবাইকে ভীষণ ভালোবাসো। কিন্তু এখন মনেহচ্ছে সেই ভালোবাসার মাত্রা বোঝা আমার পক্ষে সম্ভব না।
-আমাদের বাবা-মায়েরা একটা স্বপ্ন দেখেছিলেন হৃদি। অন্যরকম একটা পরিবার গঠনের স্বপ্ন। যে পরিবারের ভীত হবে অপ্রতিরোধ্য ভালোবাসা। যার সদস্যরা একে অন্যকে বুঝবে, কখনোই ভুল বুঝবে না। বাবা-মাদের এই স্বপ্নটাই আমার জীবনে স্বপ্ন। কারণ আমি মনেকরি আমরা এই পৃথিবীতে আসার আগে থেকেই বাবা-মায়ের ভালোবাসা নিতে থাকি। আর জন্ম নেবার পর থেকে কত কিছুই না করেন বাবা-মা আমাদের জন্য। সন্তানদেরকে বড় করতে গিয়ে কত শত ত্যাগ স্বীকার করতে হয় বাবা-মাদেরকে। কিন্তু বাবা-মার জন্য কোন কিছু ত্যাগ করার সুযোগ খুব কম আসে সন্তানদের কাছে। তাই যখন এমন সুযোগ আসে সেটাকে কাজে লাগানো উচিত প্রতিটা সন্তানের।
-আমাদের বাবা-মাদের স্বপ্ন পূরণের জন্য তুমি তোমার জীবনের সব স্বপ্নকে ত্যাগ করে দিয়েছিলে?
-হেসে, না আমি শুধু বাবা-মাদের স্বপ্নটাকেই নিজের করে নিয়েছিলাম। এবং আমার যা যা দায়িত্ব ছিল আন্তরিকতা, নিষ্ঠা ও পুর্ণ মনোযোগের সাথে পালন করতে চেষ্টা করেছি। এবং সারাজীবন করে যেতে চাই ইনশাআল্লাহ। আর এজন্যই আমার এমন একজন সাথীর প্রয়োজন ছিল যে আমার এই স্বপ্ন পূরণের পথে কখনোই বাঁধা হয়ে দাঁড়াবে না। বরং আমাকে সর্বাবস্থায় সাহায্য করবে।
-আমার কাছে সবসময় মনেহয় যে জীবনের চেয়ে আনপ্রেডিক্টটেবল আর আনসারটেন জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। অথচ আমরা আমাদের সারা সময় এই জীবনের জন্য পরিকল্পনা করতে করতেই শেষ করে দেই। এটা হলে কি হবে, ওটা না হলে কি হবে ভাবতে ভাবতে আমরা মনের শান্তির বারোটা বাজিয়ে দেই। এটা ঠিক যে এই ভাবনাগুলোও জীবনের অংশ। কিন্তু যে সময় এখনো আমার জীবনে আসেনি, আসবেই এমন কোনও নিশ্চয়তাও নেই। তেমন সময়ের ভাবনাকে আমি আমার জীবনের অংশ করতে নারাজ। আমি কোন কিছুর জন্য ওয়াদা করতে নারাজ। তবে হ্যা নিজের দায়িত্ব পালনে আমার কোন অনীহা নেই। বরং যা করণীয় তা করতে আমি ভালোবাসি।
- করণীয় প্রতি ভালোবাসা থাকলে জীবনটা অনেক সহজ ও সুন্দর হয়ে যায় তা কি জানো? কারণ ভালোবাসাই মানুষকে ধৈর্য্য ধারণ করতে, ত্যাগ স্বীকার করতে, উত্থান-পতনকে মেনে নিয়ে চেষ্টা জারি রাখতে অনুপ্রেরণা যোগায়। তোমাকে আর কিছু বলার নেই আমার। তোমার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারো।
-জানার ক্ষেত্রে আমি তাড়াহুড়া করতে চাই না। তাছাড়া সারা জীবনের সফর ধীরে ধীরে আমরা একে অন্যকে জেনে নিবো ইনশাআল্লাহ।
-হেসে, তাহলে চলো তোমাকে মাছ ধরা শিখাবো। দুজন তখন পুকুর পাড়ে রওনা করলো।
চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন