শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

অন্যরকম বিয়ে........৫ : টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


ছোট খালামনির বাসায় আসার পর হৃদিতার সাথে কথা যে বলবে সেই সুযোগই ইমন পাচ্ছিলো না। একসাথে হলেই এই পরিবারের মানুষগুলো কাজকর্ম ভুলে গল্পগুজব নিয়ে মেতে ওঠে। পুকুর থেকে মাছ ধরা, মুরগী ধরা, কি কি রান্না হবে এইসব নিয়ে সবাই এত মশগুল হয়ে পড়ল যে এখানে আসার মূল উদ্দেশ্যই বেমালুম ভুলে গেলো। ইমন খুব ভালো করেই জানে নিজ থেকে উদ্যোগ না নিলে হৃদিতার সাথে কথা না বলেই তাকে ঢাকা ফিরে যেতে হবে। মাকে খুঁজতে রান্নাঘরের সামনে এসে দরজা নক করলে ভেতর থেকে ছোট খালামনি বললেন, ভেতরে আয় ইমু। ইমন ঢুকতেই খালামনি চোখ পাকিয়ে বললেন, তোকেই খুঁজছি আমি। এই বুড়ো বয়সে তুই আমাদের ছোট্ট পরীটার দিকে চোখ কেন দিয়েছিস সেই কৈফিয়ত দে আমাকে। 

-হেসে, কামঅন খালামনি। 

-রাখ তোর কামঅন টামঅন। কৈফিয়ত দে আমাকে কৈফিয়ত। 

-হেসে, তোমাদের ছোট্ট পরী খুব জ্ঞানী ও বুদ্ধিমতী। এটাই হচ্ছে কৈফিয়ত। 

-সারাংশ না ভাব-সম্প্রসারণ কর। 

-খালামনি শোন প্রতিটা মানুষের মধ্যে কম-বেশি বা ছোট-বড় ত্রুটি আছে। ত্রুটি নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই, কিন্তু ত্রুটি হিসেবে জ্ঞানহীন বা বুদ্ধিহীন হওয়াতে আমার আপত্তি আছে। আমার ব্যক্তিগত ধারণা শুধু রূপ একজন পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখতে পারে না। যে জিনিসটা সারাজীবন ধরে মনের মুগ্ধতাকে ধরে রাখতে পারে সেটা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান-বুদ্ধি। কারণ বুদ্ধিমতী মেয়েরা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে। জীবনের সুখ-দুঃখ, উত্থান-পতনে অবলম্বন হতে পারে। 

-এটাই যে শেষ কথা না সেটা আমি জানি। শোন আমি তোর মা আর অন্য খালামনিদের মতো সহজ সরল না যে যা বোঝাবি তাই বুঝবো। রান্নাটা শেষ হোক তারপর বড়শির মাথায় বুদ্ধি লাগিয়ে আমি তোর পেটের ভেতর ফেলবো। হিড়হিড় করে টেনে বের করে নিয়ে আসবো সব কথা। তোকে বোঝাবো বুদ্ধিমতি মেয়ে কি জিনিস। এখন বল দুপুরে কি খাবি? 

-হাসতে হাসতে, পেট ভরার জন্য তোমার কথাই যথেষ্ট। 

-মাশাআল্লাহ! তোর হাসি তো আরো সুন্দর হয়েছে। এদিকে আয় তো বাবা তোকে একটু আদর করে দেই। 

-খালামনিকে জড়িয়ে ধরে আদর করে হেসে, তোমার হাতের আনারস ইলিশ খেতে ইচ্ছে করছে খালামনি। আচ্ছা খালুজান কোথায়?

-বিরক্ত কণ্ঠে, আছে নিশ্চয়ই বাগানে গাছ গাছরা নিয়ে। তোর খালুজানকে সুন্দরবন নিয়ে ছেড়ে দিয়ে আয়। থাকুক গিয়ে গাছপালার সাথে। 

-হাসতে হাসতে, ঠিকআছে তুমি রান্না করো আমি খালুজানের কাছে যাই। অবশ্য আমি অন্য একটা কারণে এসেছিলাম। 

-তুই বাগানে যা আমি হৃদিকে পাঠিয়ে দিচ্ছি। 

খালামনিকে ধন্যবাদ জানিয়ে খালুজানের খোঁজে রওনা হলো তখন ইমন। ইমনকে দেখেই খালুজান বিশাল হাসি দিয়ে বললেন, ইমন কেমন আছো বাবা? আমি তোমাকেই খুঁজছিলাম। নতুন আরো চারটি ঔষধি গাছের চারা লাগিয়েছি বাগানে। এসো তোমাকে দেখাই। খালুজানের ঔষধি গাছের চারা দেখানো আর সাথে গুনাগুণ বর্ণনা করার পর বললেন, আরো একটা কারণে তোমাকে খুঁজছি। তুমি যে বইগুলো দিয়েছিলে তারমধ্যে নতুন একটা শব্দ পেয়েছি। সেনতোর। শব্দটার মানে কি জানো তুমি? 

-সেনতোর হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। গ্রীক পৌরনিক কাহিনীতে এদের বর্ননা পাওয়া যায়। গ্রীসের উত্তরাংশের থেসালি থেকে শব্দটা এসেছে। ধারণা করা হয়, সেখানকার মানুষের ঘোড়া চালানোর নৈপুণ্য ও দক্ষতার জন্য সেনতোরের কাহিনীর প্রচলন ঘটেছে। 

-হেসে, আমি জানতাম তোমার কাছেই উত্তর পাবো। তুমি এতো সব তথ্য মনে রাখো কিভাবে?

-হেসে, আলহামদুলিল্লাহ্‌! মনে রাখি নাতো খালুজান। আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখে পড়ে যাই। পড়ার সময় দৃঢ়কণ্ঠে অবচেতন মনকে বলি যখন প্রয়োজন পড়বে এসব তথ্য তোমার আমাকে মনে করিয়ে দিতে হবে। মনে রাখবে এটা তোমার দায়িত্ব। 

-তুমি সত্যি এমন করো? 

-হেসে, আমার কি ধারণা জানো খালুজান? আল্লাহ আমার মধ্যে সবচেয়ে ভালো গুন যেটা দিয়েছেন সেটা হচ্ছে ‘পজেটিভ সেন্স’। আমি কোন কিছুকেই নেগেটিভ সেন্সে নেইনা। পড়ার সময় মুখস্ত করা বা মনে রাখার চিন্তা করে পড়িনা। আমি জাস্ট পড়ে যাই রিলাক্স ভাবে। আমার মনেহয় কোনরকম স্ট্রেস না নেয়াই আমার মনে থাকার কারণ। আলহামদুলিল্লাহ! 

- আলহামদুলিল্লাহ! এটা আল্লাহর রহমত তোমার প্রতি। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে শিক্ষা মানে শুধু তথ্য জানা নয়। কতোটা জানলাম বা মনে রাখলাম সেটার চেয়ে কতোটুকু হজম করলাম সেটা বেশি গুরুত্বপুর্ন। 

-(হেসে) আমার ধারণাও এমনটিই খালুজান। বাবা সবসময় বলেন যে, সংকল্প না থাকলে জীবনে কখনো দৃঢ়তা আসেনা। আর দৃঢ়তা না থাকলে জীবনে কোন উন্নতি হয়না। পরিবারের দায়িত্ব নেবার পর থেকে আমারো ধারণা হয়েছে ভিতরে সংকল্প যত দৃঢ় হয়, তার তীব্রতা যত বেশি হয় জীবনে উন্নতিও তত দ্রুত। 

- তোমাদের বিয়ের কথা শুনলাম। আলহামদুলিল্লাহ্‌! তোমার পছন্দকে স্যালুট। বাড়ির বড় বউ হিসেবে আমরা এমন কোন মায়াবী মেয়েই খুঁজছিলাম। আমাদের ঘরের মধ্যেই রাজকুমারী বসে ছিল অথচ আমরা আমাদের রাজকুমারের জন্য দুনিয়া ভরে তাকে খুঁজে বেড়িয়েছি। রবী ঠাকুরের গানের মতো অবস্থা। ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানে চায়নি।’ 

- হেসে, তোমরা চাওনি কিন্তু আমি সবসময় আমার হৃদয় পানেই চেয়েছিলাম। খালুজান হৃদি আসছে তুমি কি আমাদেরকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিবে?

- অবশ্যই বাবা। তোমরা দুজন কথা বলো আমি যাচ্ছি। 

ট্রে হাতে গুটিগুটি পায়ে তার দিকে এগিয়ে আসা মেয়েটির উপর থেকে চোখ সরাতে ইচ্ছে করছিলো না ইমনের। অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে করছিলো কিন্তু জোর করে চোখ নামিয়ে নিলো সে। মনকে শাসন করে বলল, ভুলে যেও না একজন মুমিন আরেকজন মুমিনকে তার চিন্তার কলুষতা থেকেও দূরে রাখে। 

চলবে..........(ইনশাআল্লাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন