রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

ভালোবাসার বন্ধন(মা-মেয়ে) - টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


ঘুম থেকে হঠাৎ চমকে জেগে উঠলেন মিসেস যারাহ রায়হান চৌধুরী। এটা অবশ্য নতুন কিছু না। দুঃস্বপ্ন দেখে এমন চমকে ওঠা তাঁর নিত্যদিনের অভ্যাস বলা যায়। তারপরও দুঃস্বপ্ন তাকে খুব ভাবায়। সারারাত আর ঘুমোতে পারেননা। পাশে তাকিয়ে দেখলেন তার স্বামী গভীর ঘুমে মগ্ন। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাইরে বেড়িয়ে এলেন তিনি। মেয়ের রুমে বাতি জ্বলতে দেখে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলেন। দরজার ফাঁক দিয়ে চোখ রাখতেই মন জুড়ে স্নিগ্ধতার একটা আবেশ বয়ে গেলো। চিন্তাক্লিষ্ট চেহারাতে ফুটে উঠলো একটুকরো মিষ্টি হাসি। একমনে ছবি আঁকছে মেয়েটা। মিসেস যারাহ তার এই মেয়েটার ভীষণ ভক্ত। সারাক্ষণ বকবক করা এই মেয়েটাকে ছাড়া তার পৃথিবী অন্ধকার। দরজা থেকে নড়তে ইচ্ছে করছেনা তার। এভাবেই অপলক তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মেয়ের দিকে। ভেতরে ঢুকে কিছুক্ষণ মেয়েটার দুষ্টু দুষ্টু কথা শুনতে ইচ্ছে করছে। হঠাৎ কেউ দেখলে ভাবে কথাই মনেহয় বলতে জানেনা এই মেয়ে অথচ ওর কথার যন্ত্রণার অস্থির হয়ে বাড়ির সবাই ওর নাম দিয়েছে কটর কটর পক্ষী।

-মামনি তুমি দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো।(মেয়ের কথা শুনে ভেতরে ঢুকলেন মিসেস যারাহ।)

-(হেসে) তুমি আমাকে চুপিচুপি দেখছিলে কেন?

-তুই ছবি আঁকছিলি তাই বিরক্ত করতে চাইনি। রাত তিনটা বাজে ঘুমোতে যাবি না মা?

-সকালে তো ক্লাস নেই। ফজরের নামাজ সেরে তারপর ঘুমোতে যাবো। দেখতো মামনি আমার ছবিটা কেমন হয়েছে।

- (ক্যানভাসের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে)ছবি কোথায়?

- (হাসতে হাসতে) মন থেকে ক্যানভাসে নামানোর মতো চিত্রকার আমি এখনো হতে পারিনি মা জননী। এরজন্য ছবি এখনো মনের মধ্যে।

-(হেসে) পাগল তুই বুঝেছিস। কিছুই আঁকিসনি তাহলে এমন আত্মমগ্ন হয়ে কি ভাবছিলি এতক্ষণ?

- তাতো তোমাকে বলা যাবেনা। এটা আমার টপসিক্রেট।

-(হেসে) আমার অবশ্য সত্যিই ধারণা যে তোর কোন টপসিক্রেট আছে।

-(হেসে) মেয়ে বড় হলে মাদের এমন ধারণা রাখতে হয়। আমি এটাকে সন্দেহ না বরং তোমার সতর্কতা হিসেবে ধরে নিচ্ছি।চলো মামনি বারান্দায় গিয়ে বসি। চা খেতে খেতে গল্প করবো।আমি ফ্লাক্সে করে চা বানিয়ে রেখেছি। (বারান্দায় গিয়ে বসলো মা-মেয়ে)

-মামনি তুমি বুঝি আবারো দুঃস্বপ্ন দেখেছো? তুমি যে কেন এত চিন্তা করো সত্যি বুঝি না। 

-(হেসে) তুই সারাক্ষণ তোর টপসিক্রেট নিয়ে ব্যস্ত থাকিস আমাকে জ্ঞানী জ্ঞানী কথা শোনাস না দুঃস্বপ্ন তো দেখবোই। এতো কোর্স করে হবেটা কি বলতো?

-মামনি আমি মনেকরি মেয়েদের হতে হবে মাল্টিটাস্কিং। অর্থাৎ, সংসার, বাইরের কাজ, সন্তান সবকিছুকে এফিশিয়েন্টলি হ্যান্ডল করতে হবে।আর এখানেই তো নারীত্বের মহিমা। মানুষের পরিচয় রুপ-গুনের মধ্যে নয় বরং মায়া-মমতা, ভালোবাসা, ধৈর্য্য, সাহস এবং ত্যাগের মধ্যে। একটা বইতে পড়েছিলাম নারীত্বের মহিমা যে মেয়ের মধ্যে নেই সে কখনোই কল্যাণময়ী হতে পারেনা। সুন্দরী, জ্ঞানী বা বুদ্ধিমতি হওয়াতে না মেয়েদের পুর্নতা সত্যিকার নারী হওয়াতে। অর্থাৎ, যার মধ্যে থাকবে ফেমিনিটি, গ্রেস, পয়েজ, সাক্রিফাইস, অনেস্টি, সিনসিয়ারিটি। আমি এসব গুন অর্জন করতে চাই মামনি। আমি নিজে সুখী হতে চাই এবং সেই মানুষটাকেও সুখী করতে চাই যে আমার জীবনসাথী হবে।

-(হেসে) আচ্ছা তো আমার মেয়ে তার জীবনসাথীকে নিয়েও ভাবা শুরু করে দিয়েছে। তা কেমন ছেলে পছন্দ আমার মায়ের?

-(হেসে) জ্ঞানী টাইপ ছেলে পছন্দ মামনি। যে সারাক্ষণ আমাকে জ্ঞানী জ্ঞানী কথা শোনাতে পারবে।

- (হেসে) জ্ঞানী ছেলে পছন্দের কারন কি?

-(দুষ্টুমি) আলহামদুলিল্লাহ! আমি তো মামনি বিরাট জ্ঞানী মেয়ে তাই কম জ্ঞানী কারো সাথে তো মানিয়ে চলতে পারবো না। তাছাড়া যে ভাবতে পারে আর ভাবাতে পারে আমার এমন কাউকে চাই জীবন সাথী হিসেবে। সুদর্শন হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে এমন কোন চাওয়া নেই আমার। আমি তো আসলে সেভাবে কখনো ভাবিও না জীবনসাথীকে নিয়ে। তবে আমি এমন ছেলেদের পছন্দ করি যারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, ভেবে চিন্তে জবাব দেয়, সহজে আবেগ তাড়িত হয়না, সবসময় একটি নিরাপদ দুরুত্ব বজায় রেখে সম্পর্ক নির্ধারন করে, বাইরে থেকে তাদের মুডি মনে হলেও ব্যক্তিজীবনে হাসিখুশি ও প্রাণবন্ত স্বভাবের।

-(হেসে) এমন কারো সন্ধান পেয়েছে নাকি আমার জ্ঞানী কন্যাটা?

-(হেসে) ভয় নেই মামনি যদি এমন কারো দেখা পেয়েও যাই আমি একা কোন সিদ্ধান্ত নেবনা ইনশায়াল্লাহ। আমার পছন্দ মতো একজনকে দেখেই চিন্তাভাবনা ছাড়া হুট করে তাকে নিয়ে স্বপ্ন বুনতে বসে যাবার মতো অসচেতন মেয়ে আমি নই আল্লাহর রহমতে। আমার কাছে আমার ক্যারিয়ার, আমার ফ্যামেলির রেপুটেশন অনেক বেশি গুরুত্বপুর্ন। আমি এমন কিছু করতে চাইনা যার জন্যে পরে আমাকে আপসোস করতে হবে। মামনি তুমিই তো শিখিয়েছ যে আমাদের এই জীবন আল্লাহর তরফ থেকে দেয়া আমানত। আমি এই আমানতের খেয়ানত করতে চাইনা। আমি আমার জীবনকে অর্থবহ করতে চাই। পারিপার্শ্বিক ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে চাই।গাছের প্রান ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত সে তার মূলের সাথে সংযুক্ত থাকে। আর আমার মূল হচ্ছে ইসলাম। আমি সর্বাবস্থায় ইসলামের সাথে সংযুক্ত থাকতে চাই।

-(মেয়েকে জড়িয়ে ধরে আদর করে) আমি সত্যিই অনেক ভাগ্যবতী যে আল্লাহ তোর মতো একটা মেয়ে দিয়েছেন আমাকে।

-(হেসে)আলহামদুলিল্লাহ! এই মেয়েটাকে এমন করে গড়ে তোলার পেছনে অক্লান্ত শ্রম কে দিয়েছে শুনি? মামনি আমি এমন কারণ এমন জীবনবোধ আমি পেয়েছি আমার বেড়ে ওঠার পরিবেশ থেকে। তোমার কোন স্বভাবটা আমার সবচেয়ে প্রিয় জানো মামনি? তুমি কোন কিছু নিয়েই আমাদের কোন ভাইবোনের সাথে চাপাচাপি করোনা। কোন কথা যদি আমরা বলতে না চাই তুমি জোর করে কখনোই শোনার চেষ্টা করোনা।

-কারণ আমি তোদের সাথে যুক্তিতর্কে যেতে চাইনা। মা হয়েছি বলেই যে তোরা সব কথা আমাকে বলতে বাধ্য এমনটা মনেও করিনা। সবার জীবনেই এমন কিছু কথা থাকে যা সবচেয়ে কাছের মানুষটার সাথেও শেয়ার করতে ইচ্ছে করেনা। আমি মনেকরি যে কাছের মানুষদের সেটা বোঝার মতো উদারতা থাকা উচিত। নয়তো কাছের মানুষ হওয়া যায়না।

- মামনি তোমার মতো একটা করে মা যদি পৃথিবীর সব সন্তানদের থাকতো তাহলে কোন সন্তানকে আর একা একা কাদতে হতো না। কারন যেসব বাবা-মায়েরা সন্তানদের সাথে বন্ধুত্বপুর্ন হয় বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় তারা এই বন্ধুত্বকে ব্যবহার করে আরো বেশি জোর করে সন্তানদের উপরে। অথচ ভালো বন্ধু হতে হলে সন্তানদের সব গোপন কথা যে জানতেই হবে এমন কিন্তু কোন নিয়ম নেই।

-আমিও তাই মনেকরি। বেশি প্রত্যাশা করলে সম্পর্কটা আর বন্ধুত্বের থাকেনা।বন্ধুত্বের অর্থ সুখে দুঃখে পাশে থাকা। গোপন কথা জানা বন্ধুত্বের শর্তের মধ্যে পড়েনা। তাই আমি কখনোই মাতৃত্ব বা বন্ধুত্বের দোহাই দিয়ে তোদের ব্যক্তি স্বাধীনটায় হস্তক্ষেপ করতে চাইনা।আমি শুধু তোদের সবাইকে সুখী দেখতে চাই। তোরা সৎ-সত্য ও হকের পথে আছিস এই ব্যাপারে নিশ্চিত থাকতে চাই।

-ইনশায়াল্লাহ! আমিও একদিন মা হবো। আজ থেকে আমার স্বপ্ন তোমার মতো মা হতে পারা। আমাকে দোয়া করে দাও মামনি আমি যেন তোমার মতো দরদী মা হতে পারি।

-আমি দোয়া করি মা আল্লাহ যেন তোর জীবনের সব স্বপ্ন পূরণ করেন।

-এটা কি দোয়া করলে? আমি কতো আলতু ফালতু স্বপ্ন দেখি মাঝে মাঝে সেসব পূরণ হয়ে গেলে কতো বড় বিপদে পরবো জানো? (মা হেসে ফেললেন তার দুষ্ট মেয়ের দুষ্টু কথা শুনে, সেই হাসি সংক্রামিত হল মেয়ের মুখেও) 

লেখিকাঃ আফরোজা হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন