রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

মা-বাবা সন্তানের তরে "বাতিঘর" - টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


আমাদের পাঁচ বছর বয়সি ছোট নুসাঈব সোনা বাগানে খেলতে গিয়ে পায়ে কাঁটা ফুটে গিয়েছিল। কিছুক্ষণ তো সে চিৎকার করে কান্না করলো খুব। এরপর কান্না বন্ধ করলেও কাউকে হাত লাগাতে দিচ্ছিলো না পায়ে। যার ফলে কাঁটাটা পা থেকে বের করাও সম্ভব হচ্ছিলো না। নুসাঈবের এক কথা কাঁটা বের করতে গেলে সে ব্যথা পাবে। তাই কাঁটা বের করতে দেবে না। ভাইজান বাইরে ছিলেন। পুত্রের এই অবস্থা জানার পর তাড়াতাড়ি বাড়িতে এলেন। ভাইজানকে দেখে তো নুসাঈবের আবারো ঠোঁট বাঁকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু হলো। আঙ্গুল দিলে ঈশারায় দেখালো কোন গাছ থেকে তার পায়ে কাঁটা ফুটেছে। ভাইজান সেই গাছের দিকে তাকিয়ে বলল, দুষ্টু গাছ তুমি খুবই পঁচা কাজ করেছো। এত সোনা সোনা একটা বাচ্চার এত্তো সুন্দর পায়ে কেউ কাঁটা ফোঁটায়? শেম অন ইউ। নুসাঈব সোনা বলো কি শাস্তি দেয়া যায় এই দুষ্টু গাছকে? চলো দুষ্টু গাছের গায়ে তুমি আর আমি মিলে দুইটা কাঁটা ফুটিয়ে দেই। নুসাঈব মণি একটু চিন্তা করে বলল, পাপা তুমি যে বলেছিলে গাছের পাতা ছিঁড়লে গাছ ব্যথা পায়। কাঁটা ফুটালে ব্যথা পাবে না? ভাইজান বললেন, হ্যা একটু ব্যথা তো সেই হিসেবে পাওয়ার কথা। নুসাঈব বলল, তাহলে শুধু ধমক দিয়ে দাও। আবার যদি কারো পায়ে কাঁটা ফুটিয়ে দেয় তখন দুষ্টু গাছের গায়েও কাঁটা ফুটিয়ে দেব বলে দাও।

ভাইজান সাথে সাথে পুত্রের আদেশ পালন করলেন। এরপর বললেন, দেখি তো বাবা তোমার পায়ে দুষ্টু গাছ কোথায় কাঁটা ফুটিয়েছে। নূসাইব দেখিয়ে বলল, ধরো না কিন্তু নয়তো আমি ব্যথা পাবো। ভাইজান দেখে বললেন, কাঁটা বের না করলে তো ব্যথা কমবে না বাবা। নুসাঈব বলল, কিন্তু বের করতে গেলে আমি ব্যথা পাবো। ভাইজান বললেন, হ্যা তুমি একটু বেশি ব্যথা পাবে বের করতে গেলে। কিন্তু তুমিই ভেবে দেখো সারাক্ষণ ব্যথা নিয়ে থাকবে নাকি একবার একটু বেশি ব্যথা সহ্য করে কাঁটাটা বের করে ফেলবে। নুসাঈব তো তখন গভীর চিন্তায় পড়ে গেলো। ভাইজান হেসে বললেন, তুমি কি জানো কোন কিছু তোমাকে ততক্ষণই ভয় দেখাতে পারবে যতক্ষণ তুমি সেটাকে ভয় দেখানোর ক্ষমতা দেবে। এই যেমন তুমি ব্যথার ভয় পাচ্ছো বলেই কাঁটাটিকে তোমার পা থেকে আলাদা করতে পারছো না। নুসাঈব তখন দোদুল্যমনতায় ভুগতে লাগলো। ভাইজান বললেন, যখন মনখারাপ লাগে, ভয় লাগে তখন কি করতে হয় বলো তো? নুসাঈব বলল, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ভাইজান বললেন, তাহলে তুমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাও। নুসাঈব সাথে সাথে চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলো। এক সুযোগে ভাইজান ওর পা থেকে কাঁটা বের করে নিলেন।

নুসাঈব ব্যথা পেয়ে জোড়ে চিৎকার করে উঠলো। কিন্তু জড়িয়ে ধরে আদর করে দিলে কিছুক্ষণের মধ্যেই থেকে গেলো। আরো কিছুক্ষণ পরে নুসাঈব বলল, পাপা ব্যথা চলে গেলো তো। ভাইয়া চোখ বড় বড় করে বলল, তাই? ব্যাথা চলে গেলো? কোথায় গেলো দুষ্টু ব্যথাটা। নুসাঈব হেসে বলল, আল্লাহ নিয়ে গিয়েছে। আমি যে সাহায্য চেয়েছিলাম সেজন্য। ভাইয়া হেসে বলল, আলহামদুলিল্লাহ। এখন বলো তুমি যদি কাঁটাটা তুলতে না দিতে তাহলে কি ব্যথা যেত বলো? তাই যখনই কোন ব্যথা আসবে তোমার কাছে একটুও ঘাবড়ে যাবে না। তুমি তখন আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং সেই ব্যথাটা দূর করার জন্য নিজেও চেষ্টা করবে। কেমন? নুসাঈব গুডু বয়ের মত বলল, ওক্কে পাপা। ঘন্টা খানেকই পরই তো সব ব্যথা ট্যাথা ভুলে নুসাঈব আবার ভাইবোনদের সাথে খেলায় মেতে উঠলো। ছোটবেলায় নুসাঈবের মত আমাদেরকেও ভাইজান শিখিয়েছিলেন, দুনিয়া জুড়ে নানান ধরণের কষ্ট ছড়ানো রয়েছে। কষ্ট থেকে বেঁচে থাকার কোন উপায় নেই। বরং কষ্ট থেকে বাঁচতে চাইলে আরো বেশি করে ঘিরে ধরে কষ্ট। তাই পালিয়ে না গিয়ে, ভয় না পেয়ে কষ্টকে মোকাবিলা করতে হবে। এবং আল্লাহর কাছে সর্বদা সাহায্য প্রার্থনা করতে হবে। 

বেশ কয়েকদিন আগে আমাদের বাড়ির যথাক্রমে সাড়ে তিন, চার এবং পাঁচ বছর বয়সি চারজন সোনামণিকে দেখা গেলো হল রুমের গ্লাসের সামনে দাঁড়িয়ে মুখ হা করে কিছু একটা দেখার চেষ্টা করছে। প্রথমে ভেবেছিলাম হা করে নিজেদের মুখের ভেতর দেখা হয়তো তাদের নতুন আবিষ্কৃত কোন খেলা। কিন্তু ছোট্ট ছোট্ট শরীরগুলোকে আঁকিয়ে বাঁকিয়ে, ঘুরিয়ে প্যাঁচিয়ে যেভাবে তারা বিশাল আকৃতির হা করে ভেতরে দেখাতে চেষ্টা করছিল। তাতে ঘটনা আসলে কি সেটা জানার আগ্রহ দমন করে রাখা সম্ভব হলো না। ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সোনাপাখীরা তোমরা এমন হা করে কি দেখছো মুখের ভেতর। সাড়ে চার বছর বয়সী তামান্না বলল, বিরক্ত করো না ফুপ্পি আমরা স্টার খুঁজছি। জানতে চাওয়া হলো যে, স্টার? কিসের স্টার? আর মুখের ভেতর স্টার আসবে কোত্থেকে? পাঁচ বছর বয়সী নুবাঈদ বলল, জানো আজকে আমরা অনেকগুলো ভালো কাজ করেছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি, সোনা বাবু হয়ে নাস্তা করেছি, স্কুলে যাবার সময় একা একা জুতো-মোজা পড়েছি, স্কুলে একটুকও দুষ্টুমি করিনি। টিফিনও সবটুকু খেয়েছি। এগুলো সব ভালো কাজ। ভালো কাজগুলো স্টার হয়ে গিয়েছে মনের আকাশে। আমরা সেই স্টার খুঁজছি বুঝেছো। যাও যাও আমাদেরকে বিরক্ত করো না। সোনামণিদের কথা কিছুই বুঝতে না পেরে দাঁড়িয়ে ওদের কান্ড দেখতে লাগলাম। 

কিছুক্ষণ পরে জানতে পারলাম আসল ঘটনা। আমাদের বাড়ির সোনামণিরা একটু বেশিই সোনামণি। মানে তাদের সুন্দর সুন্দর কাজকর্মের দ্বারা বাড়ি লন্ডভন্ড করে রাখে সবসময়। খাওয়া-দাওয়া নিয়ে প্রচন্ড দুষ্টুমি করে। তাই ওদেরকে ওদের রোজা মামণি বলেছে, মানুষ যখন কোন ভালো কাজ করে তখন সেটা একটা স্টার হয়ে যায়। আর মনের আকাশে গিয়ে সেটা ঝিলমিল করে আলো ছড়ায়। যেদিন ঘোর আঁধারে ঢেকে যাবে তোমাদের জীবন, সাহায্য করার কেউই থাকবে না। এমনকি আব্বু-আম্মুরাও না। সেদিন এই ভালো কাজ রূপি ঝিলমিলে স্টারগুলো তোমাদেরকে জোনাকির মত বিন্দু বিন্দু আলোর মত জ্বলে পথ দেখাবে ইনশাআল্লাহ। আর তোমাদেরকে অন্ধকার থেকে উদ্ধার করে আলোকিত এক জগতে নিয়ে যাবে। যেখানে তোমরা যা চাইবে পাই পাবে। তাই তোমাদেরকে এখন বেশি বেশি স্টার জমাতে হবে। আর যত বেশি ভালো কাজ করবে তত বেশি স্টার জমা হবে তোমাদের কাছে। আল্লাহ যা করতে বলেছেন সবকিছু মেনে চলা, ঠিকমতো খাওয়া-দাওয়া করা, আম্মুকে যন্ত্রণা না করা, সময়মত পড়তে বসা, নিজের খেলনা গুছিয়ে রাখা এই সবকিছু ফাটাফাটি একেকটা ভালো কাজ। মামণির কাজ থেকে এই কথা শোনার পর থেকে আমাদের বাড়ির সোনামণিরা সবাই স্টার সংগ্রহে লেগে গিয়েছে। তাদের মামণি সবাইকে একটা খাতা বানিয়ে দেয়া হয়েছে। যেটার মধ্যে সবার নামে আলাদা আলাদা চ্যাপ্টার আছে। যখনই যে কোন ভালো কাজ করে ছুটে দিয়ে খাতায় লিখে রাখে আরেকটি স্টার প্রাপ্তির কথা।

একটি শিশু দুনিয়াকে দেখতে শেখে বাবা-মার চোখে। বুঝতে শেখে বাবা-মার আচরণ দেখে। সমস্যাকে কিভাবে মোকাবিলা করতে হবে সেটাও বাবা-মার কাছ থেকেই আয়ত্ত করার চেষ্টা করে। সন্তানদের পুণ্যের পথের রাহ’বারও বাবা-মাই। প্রতিটা বাবা-মার তাই একথাটা অবশ্যই মনে রাখা উচিত যে, তারা তাদের সন্তানদের তরে বাতিঘর। সন্তানরা তাদের উপরই সবচেয়ে বেশি নির্ভর। তাদেরকেই হতে হবে পথপ্রদর্শক। এবং সকল কল্যাণময়তার বাহক। 

মা-বাবা সন্তানের তরে "বাতিঘর" 

অথৈ সাগরের বুকে একখণ্ড চর 

মা চলতে শেখান জীবনের পথ 

সন্তানের তরে বাবা হন রথ 

যখনই মন যেতে চায় থমকে 

আলো হয়ে মা-বাবা দাঁড়ান সম্মুখে 

মা-বাবার মত নেই কেউ জগতে 

ভালোবাসি মা-বাবাকে অনুগত চিত্তে.... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন