রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫

অভিমানী মনের আত্মদহন... ২য় খন্ড টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


রান্নাঘরে ঢুকে মারওয়া চোখ বড় বড় হয়ে গেলো। দেখে মনেহচ্ছে পুরো রান্নাঘরের উপর দিয়ে ছোট ছাট ঝড় বয়ে গিয়েছে। আফরা লাজুক স্বরে বলল, আমি নাস্তা বানানোর পর রান্নাঘর গোছানোর সময় পাইনি আপি।

মারওয়া হেসে বলল, কোন সমস্যা নেই। আমি রান্না করার সময় এরচেয়েও ভয়াবহ অবস্থা হয় রান্নাঘরের।

আফরা হেসে বলল, আমাকে সান্ত্বনা দেবার জন্য এমন বলছেন আপি সেটা জানি। গতকাল যখন আপনি রান্না করেছেন আমি দেখেছি সবকিছু কত সুন্দর করে গোছানো ছিল।


মারওয়া হেসে বলল, যখন রান্না করছিলাম তখন তুমি দেখেছো। যখন রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম তখন তো দেখোনি। আমি আগে রান্নার সমস্ত উপকরণ রেডি করে নেই। এরপর রান্নাঘর গুছিয়ে তারপর রান্না করি। আমার মনেহয় রান্নাঘর গোছানো থাকলে রান্না করার আনন্দ অনেক বেড়ে যায়। সেই আনন্দের কিছুটা রান্নার উপকরণের সাথে মিশে স্বাদও বাড়িয়ে দেয় খাবারের।

আপনি অনেক মজা করে কথা বলেন আপি। আবির এখানে আসার সময় আমাকে বলেছে আপির কাছ থেকে আর কিচ্ছু শিখতে হবে না তোমাকে। শুধু সর্বাবস্থায় মজা করে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবে।

মারওয়া হেসে বলল, আলহামদুলিল্লাহ! তবে আমি কিন্তু মজা করার উদ্দেশ্যে কিছু বলি না। যেটা মনে আসে সেটাই বলি। তবে এটা কিন্তু সত্যি যে সাজানো গোছানো পরিবেশ আমাদের মনে সুন্দর ও শান্তি শান্তি ভাবের উদ্রেক করে। বাইরে থেকে ফিরে আমি যদি ঘর এলোমেলো দেখি আমার শরীরের ক্লান্তি তো বেড়ে যায়ই, সাথে মেজাজও খিটপিটে হয়ে যায়। এজন্য আমি কি করি জানো?

কি করেন আপি?

বাইরে বের হবার আগে পুরো বাসা সুন্দর করি সাজিয়ে গুছিয়ে নেই। দরজা বন্ধ করবার আগে এয়ার ফ্রেশনার স্প্রে করি। যাতে দরজা খোলার পর মিষ্টি ফুলেল ঘ্রাণ আমাকে স্বাগতম জানায়। আবার রান্না করার সময় একদিকে মসলা, সবজি রেডি করবো, অন্যদিকে চুলায় রান্না চাপিয়ে দেবো এমনটাও কখনোই করি না। আমি আগে সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে রান্না শুরু করি। এতে সবটুকুন মনোযোগ রান্নাতেই থাকে। পরিবেশটা সাজানো গোছানো টিপটপ ফিটফাট থাকার কারণে মনটাও ভালো থাকে।

সবসময় এমন নিয়ম মাফিক চলতে পারেন আপি?

না তা অবশ্য পারি না। ব্যস্ততার কারণে অনেকসময় ব্যতিক্রম হয়। অর্থাৎ, একদিক দিয়ে কাটতে থাকি, আরেকদিক দিয়ে চুলায় দিতে থাকি, অন্যদিক দিয়ে গোছাতে থাকি। সেদিন খাবারের স্বাদে তারতাম্য হয়ে যায়। আবার বাসা এলোমেলো রেখে যেদিন বেড়িয়ে যেতে হয় কোন কারণে। ফিরে আসার পর ভালো কথা শুনলেও মেজাজ গরম হয়ে যায়। অকারণেই সবার সাথে চিৎকার-চেঁচামেচি করি। এইসব অবস্থা থেকে মুক্তি পাবার জন্য আমি একটা পন্থা বের করেছি। ব্যস্ততা থাকলে আমি রেডিমেড কোন খাবারের আয়োজন করি কিংবা একদম শর্টকার্ট কিছুর। যেমন ধরো ডিমভাজি, আলুভর্তা, ডাল। গোছানোর সময় না থাকলে এলোমেলো সব কিছু নিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখে বিছানাগুলো ঠিকঠাক করে পারফিউম স্প্রে করে বেড়িয়ে যাই। বাসায় ফিরে কিছুক্ষণ রেষ্ট নিয়ে এরপর সব বের করে গুছিয়ে নেই। এমনটা আমি করি কারণ মনের শান্তি বজায় রাখাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটা আমি তোমাদের ভাইয়াকে দেখে শিখেছি। উনি এমন সবকিছু এড়িয়ে চলেন যা উনার মনের শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে।

আমাকেও শিখিয়ে দেন আপি কিভাবে সর্বক্ষণ মনে শান্তি ভাব বজায় রাখতে হয়।

তুমি যদি মনের শান্তি ভাব অক্ষুণ্ণ রাখতে চাও তাহলে তোমাকে একদিকে যেমন মানিয়ে চলতে হবে, অন্যদিকে ক্ষমা করা জানতে হবে। প্রথম প্রথম আমার মতো যে, যারা সারাক্ষণ মনের শান্তিকে ধরে রাখতে চায় তারা দু’মুখী সাপের মাঝখানে অবস্থান করে। যেদিকেই তাকায় বেদনা ফণা তুলে অপেক্ষমাণ থাকে তাদের জন্য। কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করেছি এটা জগতের নিয়ম যে, যখন কেউ ভালো কিছু পেতে চায় তখন তাকে সেটার জন্য শ্রম দিতে হয়। তুমি ভালো স্টুডেন্ট হতে চাও? সেক্ষেত্রে পড়তে ইচ্ছে করছে না, এখন না পরে পড়বো, মনের এসব চাওয়াকে তুমি প্রশ্রয় দিতে পারবে না বেশির ভাগ সময়ই। আবার ইতিহাস পছন্দ না বা ভূগোলের কিছুই বুঝি না! মনের এই ধরণের পছন্দ-অপছন্দ অনুযায়ী চলাও সম্ভব হবে না। অর্থাৎ, নিজের ইচ্ছে-অনিচ্ছে, ভালো লাগা-মন্দ লাগা ইত্যাদির সাথে কম্প্রোমাইজ না করে ক্লাসে ভালো স্টুডেন্ট হওয়া সম্ভব নয় কখনোই। সম্পর্কেও ক্ষেত্রেও অনেকটা একই নিয়ম। তুমি হেলদি রিলেশনশিপ চাও? এরজন্য তোমাকে কম্প্রোমাইজ ও স্যাক্রিফাইসের মধ্যে দিয়েই পথ চলতে হবে।

তারমানে সর্বাবস্থায় কষ্ট স্বীকার করতেই হবে?

হয়তো তাই! হয়তো বা না। কেননা কেউ যখন ভালো স্টুডেন্ট হতে চায়। তার পুরো ইনটেনশন ও অ্যাটেনশন নিবদ্ধ থাকে আমাকে ভালো হতেই হবে, করতেই হবে এরমধ্যে। এবং সেজন্য যা যা করণীয় সে সিনসিয়ারিটির সাথে করে যায়। ঠিক তেমনি কেউ যদি সম্পর্ককে সুন্দর করতে চায় সেও চলার পথের করণীয়গুলো আন্তরিকতার সাথে করে যায়। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে। কষ্ট সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তুমি প্রস্তুত থাকো তাহলে কষ্ট ঠিক ততটা কষ্টকর হয়ে ওঠে না। যেমন, খারাপ পরীক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ার সংবাদে ব্যক্তি খুব বেশি ব্যথিত হয় না। কেননা অকৃতকার্য হতে পারে এমন একটা প্রস্তুতি তার মনে থাকেই। কিন্তু ভালো পরীক্ষা দিয়ে কেউ যদি ব্যর্থ হয়! তার দুনিয়াটাই থমকে যায় কিছুক্ষণের জন্য। এখানেই পার্থক্য প্রস্তুতি আর অপ্রস্তুতির। তোমাদের ভাইয়ার সাথে আমার অভিমানের বিস্ফোরণের ফলে জীবনে প্রস্তুতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা জেনেছিলাম আমি। আরো জেনেছিলাম দুজন মানুষ যদি মনে প্রাণে একটি সুন্দর সংসার গড়ে তুলতে সচেষ্ট থাকে তাহলে আল্লাহর রহমতের চাদর জড়িয়ে রাখে তাদের। এখন বলো তোমরা দুইজন কি খুব সুখী ও সুন্দর একটা দাম্পত্য জীবন চাও নিজেদের জন্য?

অবশ্যই চাই আপি। কিন্তু আবির কিছু কিছু বিষয়ে আমাকে একদমই বুঝতে চায় না।

মারওয়া হেসে বলল, যেসব বিষয়ে আবির তোমাকে বুঝতে চায় না বা বুঝতে পারে না। সেসব বিষয়ে তুমি আবিরকে বোঝার চেষ্টা করবে। এটাই তো রিলেশনশীপের চার্ম।

এটা রিলেশনশীপের চার্ম? অবাক কন্ঠে প্রশ্ন করলো আফরা।

হুম! একে অন্যের দোষ, অপরগতা, ব্যর্থতা মেনে নেয়া, মানিয়ে চলা এসবের মাঝেই লুকায়িত থাকে সম্পর্কের চার্ম। এসবের দ্বারাই তো আকর্ষণ বৃদ্ধি পায়। একে অন্যেকে মুগ্ধ করার যাদুমন্ত্র হচ্ছে ছোট ছোট ত্যাগ করা।

আপনার কথা অনেক কঠিন লাগছে আপি।

আচ্ছা ঠিকআছে চলো তোমাকে বুঝিয়ে বলছি। আমাকে এমন দু'একটা বিষয়ে বলো যেসব ক্ষেত্রে আবির তোমাকে বুঝতেই চায় না।

পর্দার বিষয়টা নিয়ে আবির একদমই বুঝতে চায় না আমাকে। সারাক্ষণ ঘ্যানঘ্যান করে আমার সাথে। বলে, আমার পর্দা নাকি ঠিকমতো হচ্ছে না। আমি যেভাবে হিযাব করি এতে নাকি পর্দার হক আদায় হয় না। আপি আপনি বলেন আমার পর্দা করা কি হচ্ছে না?

মারওয়া হেসে বলল, আবির যেদিন আমাকে প্রথম জানিয়েছিল ক্লাসের একটি মেয়েকে ওর খুব ভালো লেগে গিয়েছে। এবং যেহেতু শরীয়তে অনুমোদিত নয় এমন সবকিছু থেকে দূরে থাকতে চায় তাই চায় আমরা যাতে তোমাদের বিয়ের ব্যবস্থা করি। আমি মনে মনে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম ভেবে না জানি কেমন মেয়ে পছন্দ করেছে। কিন্তু আলহামদুলিল্লাহ হিযাব পরিহিতা অবস্থায় যখন তোমাকে প্রথম দেখেছিলাম খুব ভালো লেগেছিল আমার।

আনন্দের হাসি ফুটে উঠলো আফরার মুখে মাওয়ারার কথা শুনে। বলল, আমি প্রাইমারীর পর থেকেই হিযাব করি আপি।

হিযাব মুসলিম মেয়েদের স্পেশালিটি। আলহামদুলিল্লাহ এই স্পেশালিটি তুমি বুঝে নিজের মাঝে ধারণ করতে পেরেছো। আর আবিরের কথা যদি বলি তাহলে বলবো যে, তোমাকে পছন্দ করার পেছনে অনেক কারণ হয়তো আছে। কিন্তু আমি নিশ্চিত হয়ে বলতে পারি তোমার পর্দা করাটা সেইসবের মধ্যে অন্যতম একটি কারণ ছিল। যেহেতু আবির আমাদের পরিবারের সবাইকে সবসময় পর্দা করতে দেখেছে। এছাড়া নিজেও সর্বাবস্থায় চেষ্টা করে শরীয়তের বিধান মেনে চলতে।

আমিও তো চেষ্টা করি শরীয়তের বিধান মেনে চলতে আপি।

এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সর্বাবস্থায় শরীয়তের বিধান মেনে চলতে চেষ্টা করাটা। তাই কোন বিষয়ে মানুষ কি বললো সেটার চেয়ে জরুরি হচ্ছে শরীয়ত কি বললো। ধরো কেউ যদি তোমাকে বলে, ফজরের ফরজ নামাজ দুই রাকআত না চার রাকআত পড়তে হবে তোমাকে। কিংবা যোহরে চারের বদলে দুই রাকআত ফরজ নামাজ পড়লেই যথেষ্ট। তুমি কি এটা মেনে নেবে?

কক্ষনো না।

কেন?

কারণ কোরআন ও হাদীস থেকে আমরা নামাজের ব্যাপারে যে নির্দেশ পেয়েছি সেটাই মানতে হবে আমাদেরকে।

একদম ঠিক বলেছো। এবং এটাই হচ্ছে মূল পয়েন্ট। কে কি বললো, না বললো তাতে কিছুই এসে যায় না। আমাদেরকে সর্বাবস্থায় দেখতে হবে শরীয়ত কি বলেছে। ঠিক তেমনি তোমার পর্দার বিষয়ে আবির বা আমি কি বলছি সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে শরীয়ত কিভাবে পর্দা করতে বলেছে এবং তুমি কিভাবে করছো। জীবনের সর্বক্ষেত্রে আমাদের মানদন্ড কুরআন ও হাদীসে বর্ণিত আদেশ-নিষেধ। যেখানে ভুল-শুদ্ধ প্রমাণের জন্য শরীয়ত বর্তমান। সেখানে মানুষ কি বলছে তাতে কিছু এসে যায় না।

জ্বি আপি।

মারওয়া হেসে বলল, আফরা তুমি নিজেকে আয়নায় দেখো। এরপর আবির তোমাকে কিভাবে দেখতে চাইছে আর শরীয়ত তোমাকে কিভাবে থাকতে বলেছে এবং তুমি কিভাবে আছো সেটা বিবেচনা করে দেখো। তোমার যদি মনেহয় যে, শরীয়ত যেভাবে বলেছে তোমার পর্দা তেমনিই আছে তাহলে আবির কি বললো, না বললো শোনার কোন প্রয়োজন নেই। কিন্তু যদি দেখো তোমার পর্দাতে ঘাতটি রয়েছে এবং আবির সেটাই দূর করার পরামর্শ দিচ্ছে তোমাকে। এর অর্থ আবির তোমাকে সেই রুপে দেখতে চাইছে যেই রুপে শরীয়ত তোমাকে থাকতে বলেছে। অর্থাৎ, স্বামী হবার সাথে সাথে আবির তোমার শুভাকাঙ্ক্ষী ও সঠিক পথের প্রদর্শকও। এমন স্বামী পাওয়া তো যে কোন মেয়ের জন্যই সৌভাগ্যের। তাই না?

চেহারায় হাসির রেখা ফুটে উঠলেও মুখে কিছু বললো না আফরা। নিজের সাথে ওকে কিছুটা বোঝাপড়া করে নেবার সময় দিয়ে মারওয়াও আর কিছু না বলে রান্নার আয়োজনে মন দিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন