বাড়িতে ঢোকার সময় বাবাকে বাগানে বসে থাকতে দেখে রিশান বুঝে গেলো যে আজ আবারো বাবা-মার ঝগড়া হয়েছে। তা না হলে রাত সাড়ে বারোটার সময় বাবা বাগানে বসে থাকতেন না। আনন্দের একটা হাসি ফুটে উঠলো রিশানের মুখে। একে অন্যেকে ছাড়া যেমন থাকতে পারেন না তেমনি ঝগড়া ছাড়াও থাকতে পারেন না বাবা-মা। সপ্তাহে অন্তত দু’তিন বার ঝগড়া হতেই হবে দুজনের। আর সেই ঝগড়া মিটমাটের কাজ রিশানকেই করতে হয় সবসময়। বাবার কাছে গিয়ে সালাম দিয়ে রিশান বলল, কি ব্যাপার বাবা এতো রাতে বাগানে বসে আছো যে?
-(সালামের জবাব দিয়ে) এমনিতেই ভালো লাগছে বসে থাকতে।
-(হেসে) ঝগড়া হয়েছে আবার মার সাথে?
-না ঠিক ঝগড়া না। সকালে তোমার মাকে একটা কথা বলেছিলাম। আমি তো কখন ভুলে গিয়েছি কিন্তু তোমার মা সেটা আঁকড়ে ধরে বসে আছে এখনো।
-(হেসে) এটাই তো স্বাভাবিক বাবা। মেয়েদের স্বভাবই হচ্ছে তারা চট করে রাগ ধুয়ে ফেলতে পারে না, কোন কথা সহজে ভুলেও যেতে পারে না। মেয়েরা পাখীর মতো আদর যত্ন করে তাদের রাগকে পোষে।
-(হেসে) আমাদের বৌমাও কি এরকম?
-(হেসে) অবশ্যই এরকম। সে এরকম না হলে আমি নারীদের সম্পর্কে এমন জেনুইন আইডিয়া পেলাম কি করে বলো। আমি তো শুধু সময় করতে পারছি না, নয়তো নারীদের স্বভাব নামক একটা বই লিখে ফেলতাম। পৃথিবীর অসহায় পুরুষ সকল একটু হলেও উপকৃত হতো সেটা পড়ে।
-(হাসতে হাসতে) তুমি কি তোমার মাকে একটু হাসিয়ে দিতে পারবে রিশান? হাসলেই তোমার মার রাগ পড়ে যাবে।
-অবশ্যই হাসিয়ে দিতে পারবো। এটা কোন ব্যাপারই না। কিন্তু আগে জানতে তো হবে মা রাগ করেছেন কেন?
-আচ্ছা শোন তাহলে বলছি...ফজরের পর আমি তোমার মাকে বললাম চা দিতে। সে চা বানিয়ে আনলো। মুখে দিয়ে দেখি একদম ফিকা। বললাম যে চায়ে মিষ্টি হয়নি। তোমার মা বলল, মিষ্টি দিতে ভুলে গিয়েছি। সে গিয়ে মিষ্টি নিয়ে এলো কিন্তু নাড়া দেয়ার জন্য চামচ আনলো না। তুমিই বলো তখন বিরক্ত লাগাটা স্বাভাবিক কিনা? বললাম কি সব বোকার মতো কাজকর্ম করো। তোমার ছেলে পাশে বসে ছিল, সে চিৎকার করে বলল, হিহিহি...দাদুমনি বোকা। ব্যাস তোমার মা তারপর থেকে রাগ করে বসে আছে। এখন তুমিই বলো আমি কি করবো?
-(হাসতে হাসতে) মিষ্টি করে সরি বলো। কাছে গিয়ে বলো যাও সব ভুল আমার। আমি আমার অপরাধ মেনে নিচ্ছি। এখন তুমি নিজ গুণে ক্ষমা করে দাও।
-কিন্তু এটা তো মিথ্যা বলা হবে। সব দোষ তো আমার না। তোমার মা বোকার মতো কাজ করেছে বলেই আমি বোকা বলেছি।
-বাবা শোন আল্লাহর সৃষ্ট প্রাণীকে তো আর আল্লাহর চাইতে বেশি কেউ চেনেন না। সেজন্যই আল্লাহ স্বামীদের মুশকিল আসানের জন্য স্ত্রীকে খুশি করতে স্বামীরা যদি বাড়িয়ে কিছু বলে তাকে দূষণীয় মনে করেন না। হাদীসেও আছে, যে স্বামী দাম্পত্য জীবনের সুখের জন্য অতিরঞ্জিতভাবে কথা বলে আমি তাকে মিথ্যাবাদী বিবেচনা করি না।
-(হেসে) তারমানে মাফ চাইতেই হবে। সংসারের সুখের জন্য মাফ চাইতে অবশ্য আমার কোন আপত্তি নেই। কিন্তু সেজন্য তোমার মার কাছে যেতে তো হবে। সে তো রুমে ঢোকা নিষিদ্ধ জারি করেছে।
-ঠিকআছে সে ব্যবস্থা আমি করছি।(বাবার কাছ থেকে বিদায় নিয়ে তো মার কাছে রওনা করলো তখন রিশান)
মুখের সামনে বই ধরে বিছানায় গাঁট হয়ে বসেছিলেন মা। ছেলেকে দেখেই চোখ পাকিয়ে বললেন, তোর বাবা তোকে আমার কাছে পাঠিয়েছে তাই না? দূর হয়ে যা তুই আমার চোখের সামনে থেকে। আর যাবার আগে তোর বাবাকে বলে যা তাকে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। কতো বড় সাহস দুধের শিশুর সামনে আমাকে বোকা বলে। তাও আবার সামান্য চায়ের জন্য।
-(হাসি চেপে) মা ভেবে দেখো তুমি কি একটু ওভার রিঅ্যাক্ট করছো না? বাবার ইনটেনশন আসলে তোমাকে বোকা বলা ছিল না।
-খবরদার তুই আমাকে বোঝানোর চেষ্টা করবি না।
-(হেসে) তুমি অকারণে রাগ করছো মা। আর যাকে তুমি দুধের শিশু বলছো সেতো আসলে দুধের শিশু না। সে হচ্ছে তোমার বৌমা প্রীতির শিশু। আর প্রীতি কি জিনিস সেটা তো আর এতো বছর পর তোমাকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। পাজীর ‘প’ আর তেলেসমাতির ‘ত’ বাকিটা তো বোঝই।
-(ছেলেকে ঘুষি দিয়ে হেসে ফেলে) খবরদার আমার বৌমার নামে কিছু বলবি না। তোর মতো ফাজিলের ভাগ্য যে এমন মেয়েকে পেয়েছিস বৌ হিসেবে।
-(হেসে)আলহামদুলিল্লাহ্! একথা তো আমিও স্বীকার করি সবসময়। মা জানো বাবা একা একা বসে আছেন বাগানে।
-বসে থাক আমার কি? সে কি ফিডার খাওয়া বাচ্চা নাকি যে তাকে কোলে করে বসে থাকতে হবে। আমাকে বলে বোকা...কত বড় কলিজা।
-ঠিক বলেছো মা বিরাট বড় কলিজা। এতো বড় কলিজা থাকা ভালো না। তুমি শুধু বন্ড পেপারে সাইন করে দাও। অস্ত্রোপাচার করে কলিজা কেটে ছোট করে দিচ্ছি এক্ষুনি। একেবারে গৃহপালিত স্বামী বানিয়ে দেবো। ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি। এমন ফাঁদ দেখাবো যে ‘ব’ শব্দের উচ্চারণ ভুলে যাবে বোকা বলা তো দূরে থাক।
-(হাসতে হাসতে) থাপ্পড় দেবো ফাজিল ছেলে। লজ্জা করে না বাবাকে নিয়ে এমন কথা বলতে।
-(হেসে) যদি না চাও আমি এমন কথা বলি তাহলে তুমি এখন ওঠো চলো বাবার কাছে যাবে।
(বাবা-মায়ের মিল মোহাব্বত করিয়ে দিয়ে রিশান ছুটল তার প্রিয়তমা স্ত্রীর কাছে)
লেখিকাঃ আফরোজা হাসান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন