রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

ভালোবাসার বন্ধন(ভাই-বোন) - টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


বড় ভাইয়াকে চুপচাপ বারান্দায় বসে থাকে দেখে কাছে যাবে কি যাবে না সিদ্ধান্ত নিতে পারছিলো না নুসাইবা। আগামীকাল ভাইয়ার বিয়ে তাই তাঁর জীবনের মাহেন্দ্র প্রহর এখন। এই সময় সবাইকে একাকী স্বনিমগ্ন থাকতে দেয়া উচিত। কিন্তু প্রিয় ভাইয়াকে একাকী বসে থাকতে দেখে কাছে যাবার ইচ্ছেটাকে দমাতে পারছে না নুসাইবা। তাছাড়া ভাইয়া রাতে খাবার খায়নি এখনো।শেষ পর্যন্ত কাছে গিয়ে বলল, ভাইয়া তুমি খাবে না? অনেক রাত হয়ে গিয়েছে চলো তোমাকে খাবার দেই। 

-এখন ইচ্ছে করছে না একদমই একটু পর খাবো। তুই বোস আমার কাছে চল গল্প করি কিছুক্ষণ দুই ভাইবোন মিলে। 

-(দুষ্টুমির ছলে) ভাবীর কথা ভাবছো বুঝি বসে বসে? কিন্তু তোমাকে এতো চিন্তিত লাগছে কেন? তোমার তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত।

-কেন?

-কারণ ভাবী আমেরিকার কলাম্বিয়া প্রদেশে জন্মগ্রহন করেনি।

-কি হতো সেখানে জন্মগ্রহণ করলে?

-আমেরিকার কলাম্বিয়া প্রদেশে মেয়ের বাসররাতে তার মায়ের উপস্থিতি বাধ্যতামূলক। 

-(হেসে বোনের কান ধরে ঝাঁকাতে ঝাঁকাতে) সারাক্ষণ তোর মাথার মধ্যে শুধু দুষ্টুমি খেলা করে। 

-(হেসে) হুম কারণ আমি সারাক্ষণ আমার ভাইয়াকে হাসিখুশি দেখতে চাই। তুমি এমন চিন্তিত হয়ে কি ভাবছো ভাইয়া? বিয়ের পরের কথা ভেবে খুব চিন্তিত তুমি তাই না ভাইয়া?

-(হেসে) সত্যিই খুব চিন্তা হচ্ছে। নতুন একটা জীবনে পদার্পন করতে যাচ্ছি। নতুন একজন মানুষ আসছে জীবনে। অনেক বড় একটা দায়িত্ব এটা। 

-হুমম...একটা মেয়ের সারাজীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনার দায়িত্ব নিতে যাচ্ছ তুমি চিন্তা তো হবেই। তবে আমি খুবই আনন্দিত। তুমি জানো আমার সব ফ্রেন্ডদের ভাবী আছে। ওরা কতো মজা করে ভাবীদের বদনাম করে আর আমি চুপ করে বসে থাকি অসহায়ের মতো। তবে আজ রাতটা পোহালেই আমার সুদিন সমাগত ইনশাআল্লাহ। 

-(হাসতে হাসতে) তোর মাথায় সবসময় কি দুষ্টুমি কথা রেডিই থাকে নাকি? 

-(হেসে) তবে যাই বলো ভাইয়া বাড়িতে একটা ভাবী না থাকলে কি সংসার পুর্ণ হয় বলো। 

-সংসার পুর্ণ করার জন্য ভাবী আনার পর সে যদি সবকিছু চুর্ণ করে দেয় তখন কি হবে?

-এভাবে বলো নাতো ভাইয়া। এভাবে বলে মেয়েদেরকে এক হিসেবে ছোট করা হয়। এখনো পৃথিবীতে ভাঙার চেয়ে গড়ার মেয়েদের সংখ্যাই বেশি। 

-তুই তো সিরিয়াস হয়ে যাচ্ছিস। আমি তো এমনিতেই মজা করছিলাম। আচ্ছা বল দেখি তোর কেমন ভাবী পছন্দ?

-(হেসে)সর্বগুণসম্পন্না।

-(হেসে) যেমন?

-আমাদের মার মতো। বুঝতে শেখার পর থেকে আমরা তো এটাই দেখেছি মা তাঁর দায়িত্ব-কর্তব্য কতো সুন্দর ও সঠিকভাবে পালন করে আসছেন। যত কষ্ট আর ঝামেলাই হোক না কেন মা হাসিমুখে সবসময় সবকিছু মেনে নেন। সমস্যা হলেও কাউকে বুঝতে দেন না। শত চিন্তার পাহাড় মাথায় নিয়েও হাসিমুখে থাকেন। 

-আমাদের মা তো দুনিয়ার সফল স্ত্রী আর সফল মাদের একজন। প্রথমেই এমন কাউকে চাওয়া কি ঠিক হবে?

-ভাইয়া মাকে দেখে কদিন আগেও আমি ভাবতাম একজন মানুষ হাসতে হাসতে এতো কাজ কিভাবে করতে পারে? আমি অনেক ভেবেছি তারপর মনে হল যখন একটি মেয়ের বিয়ে হয় তখন সে মেয়ে থেকে নারীতে পরিণত হয়। আর এই অনুভব তাকে অনেক দৃঢ় আর শক্তিশালী বানিয়ে দেয়। অবশ্য এটা ঠিক যে এমন সব মেয়েদের ক্ষেত্রে হয় না। 

-না হবার পিছনে কারণ কি বলে মনেহয় তোর?

-কারণ বিয়ের পর স্ত্রী তো সব মেয়েই হয় কিন্তু জীবনসাথী সেই হতে পারে যে অর্ধাংগিনী হয়। অর্থাৎ, স্বামীর সবকিছুই যে ভাগ করে নেয়, জীবনের চলার পথে যে স্বামীকে যুক্তি পরামর্শ দিয়ে সাহায্য করে, তার প্রেরণার উৎস হয়, সংসারকে যে একডোরে বেঁধে রাখে, পরিবারের সব সদস্যদেকে যে ভালোবাসে, খেয়াল রাখে। আমি আমার ভাইয়ার জন্য এমন কোন জীবনসাথী চাই, সে আমার ভাইয়ার অর্ধাংগিনী হবে। 

-(হেসে) আর যদি এমন না হয় তোর ভাবী?

-তোমার মনেআছে ভাইয়া বাবা বলেছিলেন বিয়ে মানুষকে দায়িত্বশীলতা ও মূল্যবোধের শিক্ষা দেয়। বিয়ে বজায় থাকে বিশ্বাসের উপরে। তাই লক্ষ্য রাখা উচিত দুজনের মধ্যে যেন শ্রদ্ধা-সম্মান-ভালোবাসা-বিশ্বাস ও মূল্যায়নের কোন ঘাতটি না থাকে। দুজন যেন সর্বক্ষেত্রে একে অপরের সহযোগী হয়। তবে সবচেয়ে গুরুত্বপুর্ণ হচ্ছে দুজনের মনেই শরীয়তের পুর্ণ জ্ঞান থাকাটা। তাহলে শরীয়তের জ্ঞানই তাদেরকে সকল মঙ্গল কাজ করিয়ে নেবে। আর আল্লাহর অশেষ রহমতে আমরা তো দ্বীনদারি দেখেই ভাবী নির্বাচন করেছি। আর আমাদের পরিবারের সবাইও শরীয়তের বিধান মেনে চলতে যথাযথ চেষ্টা করি। ইনশাআল্লাহ! আমরা সবাই সবার সহযোগী হবো পরিবারের শান্তি প্রতিষ্ঠায়।

-(বোনের মাথায় হাত বুলিয়ে) আলহামদুলিল্লাহ্‌! তোর কথা শুনলে মন সত্যিই চিন্তামুক্ত হয়ে যায়। 

-তাহলে এখন খেতে চলো। নয়তো আমার বকবকের কারণে তুমি তোমার জীবনের মাহেন্দ্র প্রহর উপভোগ করতে পারবে না।

-(হেসে) হ্যা চল খেতে যাই। তা না হলে তোর কটর কটর শুনতে শুনতেই রাত পেরিয়ে যাবে।(দুই ভাইবোন তখন বাড়ির ভেতর রওনা করলো) 

লেখিকাঃ আফরোজা হাসান। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন