রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

অন্যরকম বিয়ে.......(শেষ পর্ব) : টুডে ব্লগে লিখেছেন আরোহী রায়হান প্রিয়ন্তি


আজ ১০-ই জুন। ইমন-হৃদিতার বিয়ের দিন। যে দিনটির জন্য কত শত স্বপ্ন বুনে রেখেছিলো ইমন। পৃথিবীর কাউকে সে বলেনি সেই স্বপ্নের কথা। এমনকি যাদের কাছে মনের কোন কথা কখনোই গোপন করে না সেই মা আর খালামনিদেরকেও ইমন কিছু বলেনি, আঁচ করতেও দেয়নি কিছু। কারণ তার মনের সেই কথাগুলো হৃদিতাকেই প্রথম বলতে চেয়েছে এবং অবশ্যই বিয়ের পর। হৃদিতাকে বিয়ের সিদ্ধান্ত মোটেই সে হুট করে নেয়নি। বরং বিয়ের সিদ্ধান্ত তো সে আরো দুই বছর আগে নিয়েছিলো। অপেক্ষা করেছে সঠিক সময় আসার। সবকিছু সে যেভাবে চেয়েছে যেভাবে পরিকল্পনা করেছে সেভাবেই হয়েছে এবং সেভাবেই এগোচ্ছিল। কিন্তু বলে না যে মানুষ হাজারো পরিকল্পনা নিতে পারে কিন্তু বাস্তবায়ন শুধু সেটাই হয় যেটা সৃষ্টিকর্তা চান। আর সৃষ্টিকর্তা হয়তো চাননি আজ ইমন-হৃদিতার বিয়ে হোক। হসপিতালের বিছানায় ঘুমিয়ে থাকা হৃদিতার দিকে তাকিয়ে এসবই ভাবছিল ইমন। পরিকল্পনা মতো তো আজ এই মেয়েটির বধূ বেশে তার জীবনে প্রবেশ করার কথা কিন্তু একটা এক্সিডেন্ট সবকিছু ওলট পালট করে দিলো। 

গত পাঁচদিন আগে কলেজ থেকে ফেরার পথে রোড এক্সিডেন্ট করে হৃদিতা। অবস্থা এতটা সিরিয়াস ছিল যে সিঙ্গাপুর নিয়ে আসা হয় তাকে। ৩৮ ঘণ্টা পর গতকাল বিকেলে হৃদিতার সেন্স ফিরেছে। ডাক্তাররা আশ্বস্ত করেছেন এখন আর ভয়ের কিছু নেই কিন্তু মেরুদণ্ডের হাড় ফেটে যাবার কারণে হয়তো অনেকটা সময় বেড রেস্টে থাকতে হবে হৃদিতাকে। বাবা-মা কারো দিকে তাকাতে পারছে না ইমন। কেমন যেন থমকে গিয়েছে চারপাশের সবাই...সবকিছু...আর আজকের এই দিনটা সবার মনে যেন বুলিয়ে দিয়েছে বেদনার আরেকটি প্রলেপ। ইমনের খুব ইচ্ছে করছে হৃদিতার পাশে গিয়ে বসতে। আমি আছি তোমার পাশে সবসময় এই কথাটি মুখে বলার প্রয়োজন পড়ে না......একটু স্পর্শ অনেক কিছু বলে দেয় মানুষকে। কিন্তু হৃদিতাকে স্পর্শ করবে সেই অধিকার তো ইমনের নেই। হৃদিতার দিকে তাকিয়ে নিশ্চুপ বসে রইলো সে অনেকক্ষণ। এত কাছ থেকে এভাবে এরআগে কখনোই দেখা হয়নি হৃদিতাকে। ওর কাছে যাওয়ার, মাথায় একটু হাত বুলিয়ে দেয়ার অদম্য ইচ্ছা থেকে নিজেকে খুব কষ্ট হচ্ছে তার। চোখ সরিয়ে নিলো সে হৃদিতার উপর থেকে তারপর ধীরে ধীরে বেড়িয়ে এলো কেবিন থেকে। 

ইমনকে আসতে দেখে রায়হান সাহেব উঠে বললেন, ঘুম ভেঙ্গেছে হৃদি মার? ইমন বলল, না এখনো ঘুমোচ্ছে। বাবা আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে চাচ্ছি। আজ আমাদের বিয়ে হবার কথা ছিল। আমি চাইছি আজ আমাদের বিয়ে হোক। পরিবারের যে কয়জন সদস্য সেখানে উপস্থিত ছিল সবাই অবাক চোখে তাকালো ইমনের দিকে। কিছুক্ষণ কারো মুখ দিয়েই কোন কথা বেড়োলো না। অনেকক্ষন পর রায়হান সাহেব বললেন, হৃদি মার এই অবস্থায় বিয়ে? তুমি চিন্তা ভাবনা করে কথা বলছো তো ইমন? 

-আমি চিন্তা ভাবনা করেই কথা বলছি বাবা। এই সময় হৃদির সবচেয়ে বেশি প্রয়োজন আমাকে। আর বিয়ে ছাড়া আমি সেভাবে ওর কাছে যেতে পারবো না যেভাবে যাওয়া উচিত। তোমরা সবাই সবসময় আমার সবকথা মেনে নাও। আজ আমি অনুরোধ করছি প্লীজ তোমরা কেউ আপত্তি করো না।

-কিন্তু হৃদি মাকে আরো সপ্তাহ খানেক হসপিতালেই থাকতে হবে আর এখানে বিয়ে কিভাবে হবে? 

-সেই সব ব্যবস্থা আমি করবো। তোমরা শুধু আমার সাথে থেকো। 

-কিছুক্ষণ নিরবতার পর রায়হান সাহেব বললেন, ইনশাআল্লাহ! আমরা তোমার সাথে আছি। 

-থ্যাংকইউ বাবা। হৃদি উঠলে তোমরা ওর সাথে কথা বলো। বাকি সব ব্যবস্থা আমি করছি। 

ঘুম থেকে উঠার পর বাবা-মা আর হবু শ্বশুর-শাশুড়ির কাছে ইমনের সিদ্ধান্তের কথা শুনে হৃদিতা কিছুই না বলে চুপ করে রইলো। অনেকক্ষণ চেষ্টা করেও কেউ কোন কথা বলাতে না পেরে অপেক্ষা করতে লাগলো ইমনের জন্য। সবকিছুর ব্যবস্থা করে ইমন ফিরে এলে দুজনকে একা ছেড়ে দিয়ে বাকীরা বেড়িয়ে গেলো। হৃদিতা চোখ বন্ধ করে আরেকদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইলো চুপচাপ। ইমন পাশে গিয়ে বসে বলল, আমি জানি যা করতে চাইছি তা মোটেই স্বাভাবিক না। কিন্তু তবুও আমি অনুরোধ করবো আমার কথাটা তুমি বিনা যুক্তি তর্কে মেনে নাও। আমাকে আমার পুর্ণ অধিকার নিয়ে তোমার কাছে আসার সুযোগ করে দাও। হৃদি কথা বলো প্লীজ। 

-এই অবস্থায় বিয়ের কোন মানেই হয় না।

-তুমি তো যুক্তি তর্ক শুরু করতে চাইছো। আর আমি শুধু চাইছি একসাথে আমাদের জীবনের পথ শুরু করতে। হয়তো একটু অন্যরকম কিন্তু শুরুটাকে আমি থামিয়ে রাখতে চাইছি না। তাছাড়া এটা কিন্তু তোমার জন্য অনেক বড় একটা সুযোগ। 

-সুযোগ? সেটা কিভাবে?

- আচ্ছা শোন তোমাকে বুঝিয়ে বলছি। বিয়ের প্রথম দিকে ভালোবাসার আবেগে অন্ধ থাকার কারণে স্বামী-স্ত্রী কেউ কারো আসল চেহারা দেখতে পায়না। অর্থাৎ, জীবনের পরবর্তি সময়ে দুঃখ-কষ্ট-ব্যথা-বেদনা-অসুস্থতা-পুর্ণতা ইত্যাদির সময় সঙ্গী কেমন আচরণ করবে সেটা বোঝা যায় না। কিন্তু তোমার কাছে সুযোগ আছে যাচাই করে দেখার জীবনের দুঃখের সময়গুলোতে তোমার সঙ্গী কেমন আচরণ করবে তোমার সাথে। তোমার জায়গায় আমি হলে কখনোই এই সুযোগ ছাড়তাম না। আর বুদ্ধিমতি মেয়ে হিসেবে তোমারও ছাড়া উচিত না এই সুযোগ। ইমনের কথাগুলো মুগ্ধতা আর ভালোবাসার একটা ঢেউ ভিজিয়ে দিলো যেন হৃদিতার মনের শুষ্ক আঙিনাকে। মিষ্টি হেসে হৃদিতা বলল, তুমি সব কথা এতো সুন্দর করে কিভাবে বলো?

-আলহামদুলিল্লাহ্‌! এসব আমার সিক্রেট কাউকে বলি না। 

-আমাকেও বলবে না?

-যে কথা কাউকে বলি না সে কথা তোমাকে বলবো কেন? তুমি কি স্পেশাল কেউ নাকি? হ্যা এটা ঠিক যে আমি চাইছি তুমি আমার স্পেশাল কেউ হও। কিন্তু আপত্তি তো তুমিই করছো। কিছুক্ষণ নীরবতার পর, হৃদি আমি বিশ্বাস করি তুমি আমাকে সারাজীবন অনেক সুন্দর সুন্দর মুহুর্ত উপহার দেবে। কোনদিন তোমার কাছ থেকে আমাকে চেয়ে কিছু নিতে হবে না, তার আগেই তা তুমি আমাকে দেবে ইনশাআল্লাহ। কিন্তু আজ অন্যরকম বিয়ের অন্যরকম একটি মুহুর্ত আমি তোমার কাছে চাইছি। তুমি দেবে না আমাকে? 

-শুধু একটি কেন আমি আমার জীবনের সব মুহুর্ত শুধু তোমাকেই দিতে চেয়েছি সবসময়। আমার একটুও আপত্তি নেই বিয়েতে। কেন জানো?

-কেন?

-কারণ আমি খুব বুদ্ধিমতি মেয়ে। আর সঙ্গীকে যাচাই করার এতো বড় সুযোগ ছাড়তে আমি নারাজ। দুজনই তখন একসাথে হেসে ফেললো। 

[পাঁচ বছর আগে একটা গল্প প্রতিযোগিতার জন্য আমার বোন আফরোজা হাসান এই গল্পটা লিখেছিলো। আফরোজা ওর ব্লগে গল্পটি দিতে রাজী না হওয়ায় আমি আমার ব্লগে দিয়েছি।] 

উল্লেখ্য যে এই গল্পের দ্বিতীয় খণ্ড...... “অতঃপর সংসার”....... আসিতেছে........ Big Grin

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন